মুজাহিদের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামীকাল মঙ্গলবার (৭ মে) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে এ দিন ধার্য করেন।গতকাল আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে সাফাই সাক্ষ্য দেন মুজাহিদের ছোট ছেলে আলী আহমাদ মাবরুর। তিনি দিগন্ত টেলিভিশনের নিউজ রুম এডিটর ও সংবাদ উপস্থাপক। সাক্ষ্য গ্রহণকালে আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন।জবানবন্দি দেওয়ার সময় মাবরুর ফরিদপুর ও ঢাকার মুক্তিযুদ্ধের ওপর লেখা বেশ কিছু বই, মুক্তিযুদ্ধের দলিল, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনসহ বেশ কিছু নথি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তিনি বলেন, উপস্থাপন করা নথিগুলোর কোথাও তাঁর বাবা মুজাহিদের নাম নেই এবং তিনি মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এমন কিছুও উল্লেখ নেই।জবানবন্দি শেষে আলী আহমাদ মাবরুরকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। হাম্মাদ মাওলানা নামে আপনার কোনো ফুফা আছেন—আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, হ্যাঁ।রাষ্ট্রপক্ষের ষষ্ঠ এবং ১১তম সাক্ষী তাঁদের সাক্ষ্যে একাত্তরে মুক্তিযুদ্ধকালে ফরিদপুরে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সময় মুজাহিদের সঙ্গে হাম্মাদ মাওলানার উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন।আইনজীবী মত (সাজেশন) দেন, আসামিপক্ষের দাখিল করা নথির ১৪ নম্বর প্রদর্শনীর ৪৬৩-৪৬৪ নম্বর পৃষ্ঠায় যেহেতু মুজাহিদের নাম আছে, সেহেতু সাক্ষী এই পৃষ্ঠাগুলো ট্রাইব্যুনালের সামনে চিহ্নিত করেননি। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।দিগন্ত টেলিভিশনে আপনি কত সালে যোগদান করেছেন—আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর।আইনজীবী মত দেন, দিগন্ত টেলিভিশনের কর্মকর্তা হওয়ার কারণে আপনি ট্রাইব্যুনালে দাখিল করা ভিডিওটি সম্পাদনা করে দিয়েছেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।মাবরুরের জেরা শেষ হলে আসামিপক্ষ ট্রাইব্যুনালকে জানায়, আসামির পক্ষে আর কেউ সাফাই সাক্ষ্য দেবেন না। পরে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ৭ মে দিন ধার্য করে বলেন, রাষ্ট্রপক্ষকে যুক্তি উপস্থাপনের জন্য ৭ ও ৮ মে দুই দিন সময় দেওয়া হলো। এর মধ্যে শেষ করতে না পারলে আসামিপক্ষ ১২ মে থেকে যুক্তি উপস্থাপন শুরু করবে।আসামিপক্ষ সাফাই সাক্ষী হিসেবে এক হাজার ৩৫৪ জনের তালিকা ট্রাইব্যুনালে জমা দিয়েছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ট্রাইব্যুনাল আসামিপক্ষে তিনজনকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু সাফাই সাক্ষী দিলেন একজন।এ মামলায় গত ২২ এপ্রিল রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তাসহ ১৭ জন সাক্ষী সাক্ষ্য দেন। মুজাহিদের বিরদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল।