মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীর জেরা শেষ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সাংবাদিক মাহবুব কামালকে শেষ দিনের মতো জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বুধবার এই জেরা করা হয়। এ সময় মুজাহিদ আসামির কাঠগড়ায় ছিলেন।মিজানুর রহমান মত (সাজেশন) দেন, ‘আপনার দূরসম্পর্কের ভাই মশিউর ১৯৬৯ সাল থেকে ঢাকায় একটি প্রেসে কাজ করতেন।’ জবাবে মাহবুব কামাল বলেন, এটা সত্য নয়।আইনজীবী আবার মত দেন, ‘আপনি (সাক্ষী) রাজাকার হিসেবে মহসিনের কোনো পরিচয়পত্র পাননি বা ওই পরিচয়পত্রে স্বাক্ষর থাকার বিষয়টি বিভ্রান্তিকর ও অসত্য। নিছক রাজনৈতিক উদ্দেশ্যে মুজাহিদের স্বাক্ষরিত পরিচয়পত্র পাওয়া বা দেখার কথা বলেছেন।’ জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।জেরা শেষ হলে এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষীর জবানবন্দি নেওয়ার জন্য ১৪ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।৩ অক্টোবর মাহবুব কামাল জবানবন্দি দেওয়ার সময় বলেছিলেন, একাত্তরে চাকরি খোঁজার জন্য মহসিন আলী নামে তাঁর এক দূরসম্পর্কের চাচাতো ভাই ঢাকায় আসেন। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের নিম্নমান সহকারী। মুক্তিযুদ্ধ চলাকালে ২৯ জুন তিনি তাঁর গ্রামের বাড়িতে থাকার সময় মহসিন আলী ঢাকার বাসা দেখাশোনা করতেন। এ সময় মহসিন ফিরু মেম্বারের বাড়িতে অবস্থিত ক্যাম্পে রাজাকার হিসেবে যোগ দেন। তবে বিষয়টি সে সময় তিনি জানতেন না। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরপর মহসিন আলী পালিয়ে যান। পরে তাঁর জিনিসপত্র খুঁজতে গিয়ে একটি পরিচয়পত্র পাওয়া যায়। সেই পরিচয়পত্র দেখে তিনি বুঝতে পারেন মহসিন রাজাকার ছিলেন।মাহবুব কামাল বলেন, ওই পরিচয়পত্রে ফিরু মেম্বারের স্বাক্ষর ছিল এবং প্রতিস্বাক্ষর হিসেবে মুজাহিদের স্বাক্ষর ছিল।