মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৪তম এবং জব্দ তালিকার সাক্ষী বাংলা একাডেমীর সহগ্রন্থাগারিক এজাবউদ্দিন মিয়া। আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এজাবউদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। এ সময় মুজাহিদ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জবানবন্দিতে এজাবউদ্দিন বলেন, ২০১০ সালে বিভিন্ন সময় মানবতাবিরোধী অপরাধে নিযুক্ত তদন্ত সংস্থার কর্মকর্তারা বাংলা একাডেমীর গ্রন্থাগারে আসেন। এ সময় তাঁরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে একাডেমীর পত্রিকা শাখায় সঙ্গে করে ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরাসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে আসেন।তদন্ত কর্মকর্তারা তাঁদের চাহিদা অনুসারে ১৯৭১ ও ১৯৭২ সালের বিভিন্ন পত্র-পত্রিকা দেখেন এবং তাঁদের প্রয়োজন অনুসারে এসব পত্র-পত্রিকা স্ক্যান ও প্রিন্ট করেন। ওই কপিগুলো মূল কপির সঙ্গে মিলিয়ে দেখার জন্য গ্রন্থাগারিকদের দিলে তাঁরা তা মিলিয়ে দেখেন। পরে প্রধান গ্রন্থাগারিক ওই কপিগুলো সত্যায়িত করেন।এজাবউদ্দিন আরও বলেন, এই কপিকৃত কপির মূল কপি বাংলা একাডেমীতে সংরক্ষিত আছে। জবানবন্দিকালে রাষ্ট্রপক্ষ বাংলা একাডেমী থেকে জব্দকৃত ৫১ ধরনের নথি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, এ মামলায় আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা আসেননি। তিনি সাক্ষীকে জেরার জন্য সময় আবেদন করলে ট্রাইব্যুনাল রোববার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেন। একই সঙ্গে রোববার রাষ্ট্রপক্ষকে অন্য সাক্ষী হাজির করতে বলা হয়েছে।