মুজাহিদের বিরুদ্ধে রুস্তম আলী মোল্লার জেরা শেষ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে মো. রুস্তম আলী মোল্লার জেরা শেষ হয়েছে।মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের নিরাপত্তাকর্মী রুস্তম আলী মোল্লা জেরায় বলেছেন, একাত্তরে মোহাম্মাদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে যাঁদের নির্যাতন করা হতো, তাঁরা বুদ্ধিজীবী ছিলেন বলে তিনি শুনেছেন। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ বুধবার রুস্তম আলী মোল্লাকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় মুজাহিদ আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।আপনার বাবা ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কোন দায়িত্বে ছিলেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে রুস্তম আলী মোল্লা বলেন, তাঁর বাবা কোন দায়িত্বে ছিলেন, তা তিনি জানেন না। তবে নিরাপত্তা (সিকিউরিটি) বিভাগে কাজ করতেন।ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কাদের নির্যাতন করা হতো তাঁদের কারও নাম বলতে পারবেন—এ প্রশ্নে রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী বলেন, নির্যাতিতদের নাম তিনি বলতে পারবেন না, তবে যাঁদের নির্যাতন করা হতো তাঁরা বুদ্ধিজীবী বলে তিনি শুনেছেন।জেরার শেষ পর্যায়ে আইনজীবী মত দেন, রাজনৈতিক কারণে মুজাহিদকে অযোগ্য এবং অগ্রহণযোগ্য করার জন্য সরকারের বিভিন্ন সংস্থার শেখানো মতে তিনি এই মিথ্যা সাক্ষী দিলেন। সাক্ষী বলেন এটা সত্য নয়।জেরা শেষে ২০ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।গতকাল মঙ্গলবার মো. রুস্তম আলী মোল্লা (৫৮) জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে তিনি গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও মুজাহিদকে শারীরিক শিক্ষা কলেজে স্থাপিত রাজাকার ও আলবদরদের ক্যাম্পে ঢুকতে দেখেছেন।