মুজাহিদের বিরুদ্ধে শহীদ বুদ্ধিজীবীর সন্তানের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী সাংবাদিক শাহীন রেজা নূর। ‘ইত্তেফাক’-এর এই নির্বাহী সম্পাদক শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজউদ্দীন হোসেনের ছেলে।বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শাহীন রেজা নূর জবানবন্দি দেন। তিনি বলেন, আলবদর সদস্য চৌধুরী মঈনউদ্দীন ও আশরাফুজ্জামান খান বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিলেন। একাত্তরে দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে এ খবর ছাপা হয়েছিল। মুজাহিদ সেই আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন। তাঁরই তত্ত্বাবধান, পরিচালনা ও নির্দেশনায় বুদ্ধিজীবী নিধন চলে। এক ঘণ্টার বেশি সময় দেওয়া জবানবন্দিতে শাহীন রেজা নূর ১৯৭১ সালের ১০ ডিসেম্বর রাতে তাঁর বাবা সিরাজউদ্দীন হোসেনকে ধরে নিয়ে যাওয়ার বিবরণ দেন। তিনি বলেন, তাঁর বাবা সিরাজউদ্দীন হোসেন ওই সময় ‘ইত্তেফাক’-এর নির্বাহী সম্পাদক ছিলেন। পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক নিবন্ধ লিখে তিনি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। তাই তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়।শাহীন রেজা নূর আরও বলেন, ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমিতে সেলিনা পারভীনসহ অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া গেলেও তাঁর বাবার লাশ পাওয়া যায়নি। জবানবন্দি শেষে তাঁকে জেরা করেন মুজাহিদের আইনজীবী মুন্সি আহসান কবির। ১৬ অক্টোবর পরবর্তী জেরার দিন ধার্য করা হয়েছে। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ উপস্থিত ছিলেন।