মুজাহিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৯ জুলাই রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ গঠন করেন।মুজাহিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অপহরণ ও অগ্নিসংযোগের দায়ে সাতটি অভিযোগ গঠন করা হয়।আদেশে বলা হয়, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন অপহরণের ঘটনায় আল-বদরের প্রধান হিসেবে মুজাহিদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধ চলাকালে নাখালপাড়ার পুরোনো এমপি হোস্টেলে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে আটক মুক্তিযোদ্ধা বদি, রুমি, সুরকার আলতাফ মাহমুদ প্রমুখকে হত্যার প্ররোচনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।অভিযোগ পড়ে শোনানো শেষে ট্রাইব্যুনাল মুজাহিদের কাছে তিনি দোষী না নির্দোষ জানতে চান। মুজাহিদ বলেন, ‘আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি ১০০ ভাগ নির্দোষ।’ পরে ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের ওই তারিখ ধার্য করেন।এ মামলায় মুজাহিদকে ২০১০ সালে ২ অক্টোবর গ্রেপ্তার দেখানো হয়। ২০১১ সালে ৫ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। তবে ট্রাইব্যুনাল সেটি সুবিন্যস্ত করে পুনর্দাখিলের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৬ জানুয়ারি অভিযোগ পুনরায় দাখিল করা হয়।২৪ এপ্রিল মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। গত ৫ জুন ট্রাইব্যুনাল-২ অভিযোগে গঠনের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।