মুজাহিদের বিরুদ্ধে ৭ মে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৭ মে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করবে। আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই তারিখ ধার্য করেন। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন। আজ আসামিপক্ষের সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে সাক্ষ্য দিয়েছেন মুজাহিদের ছোট ছেলে আলী আহমাদ মাবরুর। তিনি দিগন্ত টেলিভিশনের নিউজ রুম এডিটর এবং সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত।জবানবন্দিতে আহমাদ মাবরুর একাত্তরে ফরিদপুর ও ঢাকার মুক্তিযুদ্ধের ওপর বেশ কিছু বই, মুক্তিযুদ্ধের দলিল, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনসহ বেশকিছু নথি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, উপস্থাপন করা নথিগুলোর কোথাও তাঁর বাবা মুজাহিদের নাম নেই এবং এতে তিনি মুক্তিযুদ্ধবিরোধী কাজে জড়িত ছিলেন বলে উল্লেখ নেই।জবানবন্দি শেষে আলী আহমাদ মাবরুরকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান।জেরা শেষ হলে আসামিপক্ষ ট্রাইব্যুনালকে জানায়, আসামির পক্ষে আর কেউ সাফাই সাক্ষ্য দেবেন না। পরে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ৭ মে তারিখ ধার্য করে বলেন, ‘আপনাদের ৭ ও ৮ মে দুদিন সময় দেওয়া হলো। এর মধ্যে শেষ করতে না পারলে আসামিপক্ষ ১২ মে থেকে যুক্তি উপস্থাপন শুরু করবেন।’তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে গত ২২ এপ্রিল রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগে এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের মোট ১৭জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।