মুজিবনগর থেকে বোমা ও অস্ত্র উদ্ধার
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রাম থেকে ছয়টি বোমা ও দুটি এলজি শাটারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে, বোমাগুলো খুবই শক্তিশালী। র্যাব-৬-এর মেহেরপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এ বি এম আবুল হাসনাত মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে র্যাবের একটি দল ওই গ্রামের পরিত্যক্ত সার বিতরণ অফিস ভবনে অভিযান চালায়। এ সময় সেখানে কিছু চরমপন্থী নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে র্যাব সেখান থেকে ওই বোমা ও অস্ত্র উদ্ধার করে। বোমাগুলো জর্দার বড় কৌটায় লাল টেপ দিয়ে মুড়িয়ে একটি চটের ব্যাগে রাখা ছিল।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউদ্দিন জানান, র্যাবের উদ্ধারকৃত বোমা ও অস্ত্র মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।