মুজিবনগর সরকারের বেতনভুক্ত কর্মচারী ছিলেন জিয়াউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের পক্ষ ত্যাগ করার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করবেন না। লাখো মানুষের রক্তের সঙ্গে বেঈমানি করবেন না। যুদ্ধাপরাধীদের সহযোগিতার দায়ে দেশের জনগণ একদিন আপনারও (খালেদা) বিচার চাইবে।’আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বিরোধীদলীয় নেতাকে আরও বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করতে বহু চেষ্টা করেছেন, পারেননি। যুদ্ধাপরাধীদেরও রক্ষা করতে পারবেন না। এদের বিচারের দাবিতে যুবসমাজ, নতুন প্রজন্মসহ সারা দেশের মানুষ জেগে উঠেছে। বাংলার মাটিতেই যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে ১০ এপ্রিল বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের অধীনে যে সেনাবাহিনী গড়ে ওঠে, তার বেতনভুক্ত কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। তাঁর ভুলে অনেক প্রাণহানি ঘটায় যুদ্ধের সময় তাঁকে কয়েক দফা সাময়িকভাবে বরখাস্ত করা হয়। আর তিনি যে যুদ্ধ করেছেন, তাঁর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাঁকে মেজর রিট্রিট (যিনি যুদ্ধ না করে ময়দান থেকে ফিরে আসেন) বলা হতো।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির নেত্রী বলছেন, আমাদের পরিবার নাকি মুক্তিযুদ্ধ করেনি। আমাদের পরিবারের সবাই মুক্তিযুদ্ধ করেছে। কামাল, জামাল মুক্তিযুদ্ধে অংশ নেয়। শেখ মনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। আর এ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আমরা ছিলাম।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘জিয়া ২৫ মার্চ কী করেছিলেন? সেদিন চট্টগ্রামের মুক্তিকামী মানুষ রাস্তায় প্রতিবন্ধকতা দিলে জিয়া তাদের ওপর আক্রমণ করেন। এ ঘটনায় অনেক মানুষ হতাহত হয়। ২৬ মার্চ জিয়া সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করেন। যে অস্ত্র দিয়ে এ দেশের মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়। সুতরাং কে যুদ্ধ করেছে, না করেছে, তার সার্টিফিকেট বিএনপি নেত্রীর কাছ থেকে নিতে হবে না, যিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে লংমার্চ করছেন।’ তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান।অলসতা, ভোগ-বিলাস ছেড়ে ঐক্যবদ্ধ হোনআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘ক্ষমতায় এলে আমাদের মধ্যে অলসতা আসে, ধরাকে সরা জ্ঞান করি, বিভেদ সৃষ্টি করি—আখের গোছানোর জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য বেশি সময় নষ্ট করি।’ তিনি বলেন, ‘ক্ষমতায় থাকার সময় আমরা সিরিয়াস থাকি না বলেই আমাদের ওপর বারবার আঘাত এসেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। ২০০১ সালে আমাদের পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন সর্বোচ্চ প্রয়োজন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।’সৈয়দ আশরাফ বলেন, ‘অলসতার জন্য আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি। আর যেন ভুল না করি। তাই নিজেদের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের এটাই হয়তো শেষ সুযোগ। ভবিষ্যতে হয়তো সেই সুযোগ আমরা পাব না। কেননা মুক্তিযোদ্ধা, প্রত্যক্ষ সাক্ষী এমনকি যুদ্ধাপরাধীদেরও বয়স শেষ হয়ে যাচ্ছে। একে একে অনেকেই চলে যাচ্ছেন। আগামীতে হয়তো অনেকেই থাকবেন না। তাই শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারের প্রথম ধাপ যাতে আমরা বর্তমান সরকারের আমলেই শেষ করে যেতে পারি, সে জন্য স্বাধীনতায় বিশ্বাসী সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভা পরিচালনা করেন নূহ উল আলম লেনিন ও অসীম কুমার উকিল।