মুঠোফোন, ওয়েবসাইট ও ই-মেইলে ঘরে বসে ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে এবার তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা হয়েছে। ওয়েবসাইট ও মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তার (এসএমএস) সঙ্গে এবার যুক্ত হয়েছে আরও তিনটি আয়োজন। এগুলো হলো শিক্ষাপ্রতিষ্ঠানে ই-মেইলে ফল পাঠিয়ে দেওয়া, ই-মেইলে নিবন্ধন করা শিক্ষার্থীকে সব বিষয়ের নম্বর জানিয়ে দেওয়া এবং এসএমএসের মাধ্যমে খাতা মূল্যায়নের আবেদন করার সুযোগ।শিক্ষা বোর্ডগুলোর কম্পিউটার কেন্দ্র সূত্রে জানা গেছে, বেলা একটায় ফল প্রকাশের পর বিকেল পাঁচটা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় ফল জানতে আগ্রহীরা এসএমএস করেছে ১২ লাখ, একই সময় ওয়েবসাইটে হিট হয়েছে ২৮ লাখ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা আশা করছি, দু-এক বছরের মধ্যে ঘরে বসেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা পরীক্ষার ফল জানতে পারবেন।’ঢাকা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম এনালিস্ট মন্জুরুল কবীর বলেন, বেলা একটার পর প্রথম দেড় ঘণ্টায় ওয়েবসাইটে হিট হয়েছে ২০ লাখ ৫০ হাজার ৪৫০টি। ওই সময় এসএমএস এসেছে আট লাখ ৬৮ হাজার ১০৪টি। এই সংখ্যা আজ রোববার ও কাল সোমবার পর্যন্ত কয়েক গুণ বাড়বে। তিনি বলেন, গত বছরের তুলনায় ফল পাওয়ার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার অনেক বেড়েছে। ওয়েবসাইটে ফল: www.educationboaৎdৎesults.gov.bd শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট বোর্ড এবং ক্রমিক নম্বর দিয়ে সার্চ দিলেই এবার পরীক্ষার ফল মিলেছে। অন্য বছরের তুলনায় এবার ওয়েবসাইটে সহজেই ফল পাওয়া গেছে। মোবাইল ফোন কোম্পানি টেলিটকের কারিগরি সহায়তায় বোর্ডগুলো তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেছে। গতকাল কেবল গ্রেড পয়েন্ট এভারেজ (জিপিএ) জানতে পেরেছে শিক্ষার্থীরা। আজ রোববার শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট জানতে পারবে। মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তা (এসএমএস): মুঠোফোনে ফল জানার ক্ষেত্রে এসএমএস জনপ্রিয় হয়ে উঠেছে। যেসব পরীক্ষার্থী বা আগ্রহী ব্যক্তি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে এসএমএসের মাধ্যমে ক্রমিক নম্বর পাঠিয়েছে, তারা ফিরতি বার্তায় ফল জানতে পেরেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ই-মেইলে সব ফল: নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বসে যাতে পরীক্ষার ফল পাওয়া যায়, সে চেষ্টা করা হয়েছে এবার। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন তিন হাজার ৭৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশই ই-মেইলে ফল পেয়েছে। অন্যান্য বোর্ডও এই চেষ্টা করেছে। আগে ফলাফলের তালিকা জেলা সদর থেকে হাতে হাতে আনতে হতো। শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলেছে, দেশের প্রায় অর্ধেক শিক্ষাপ্রতিষ্ঠানে ই-মেইলের মাধ্যমে ফল পাঠানো হয়েছে। আশা করা যায়, আগামী বছর শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠান এই পদ্ধতিতে ফল পাবে। তখন সারা দেশে কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফলের কপি পাঠাতে হবে না। শিক্ষার্থীর ই-মেইলে বিস্তারিত ফল: আগে থেকেই বলা হয়েছিল, যেসব পরীক্ষার্থী ই-মেইলে নিবন্ধন করবে, তারা সবার আগে বিস্তারিত ফল জানতে পারবে। ঢাকা বোর্ডে ৩০ হাজার ছাত্র ই-মেইলে নিবন্ধন করেছে। বোর্ডের কম্পিউটার কেন্দ্র জানিয়েছে, পরীক্ষার ফল প্রকাশের পরপরই এসব শিক্ষার্থীর ই-মেইলে বিস্তারিত ফল পাঠিয়ে দেওয়া হয়েছে।জ্যেষ্ঠ সিস্টেম এনালিস্ট মন্জুরুল কবীর বলেন, ই-মেইলে বিস্তারিত ফল পাওয়ার বিষয়টি এবারই প্রথম। এটা দু-এক বছরের মধ্যে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করেন তিনি।খাতা মূল্যায়নের আবেদন এসএমএসের মাধ্যমে: যেসব বিষয়ে প্রত্যাশা অনুযায়ী নম্বর পায়নি, সেসব বিষয়ের খাতা পুনর্মূল্যায়ন করতে চায় পরীক্ষার্থীরা। কিন্তু এই প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হওয়ায় অনেকেই আগ্রহ হারিয়ে ফেলে। তাই টেলিটকের সৌজন্যে এ বছর থেকে খাতা মূল্যায়নের নতুন আয়োজন করেছে শিক্ষা বোর্ডগুলো।জানা যায়, টেলিটকের নির্ধারিত নিয়মে এসএমএসের মাধ্যমে নিবন্ধন করলে ১২৫ টাকা ফি বাবদ কেটে নেওয়া হবে। ফল প্রকাশের সাত দিনের মধ্যে এসএমএসের মাধ্যমে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। মাসখানেকের মধ্যে খাতা পুনর্মূল্যায়ন করে তা পরীক্ষার্থীকে জানিয়ে দেওয়া হবে।