মুঠোফোন কলে ১০ পয়সা সার-চার্জের প্রস্তাব ডিসিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে মুঠোফোনে কলপ্রতি ১০ পয়সা করে কেটে রাখার প্রস্তাব করেছেন জেলা প্রশাসকেরা।জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় ডিসিরা এমন প্রস্তাব করেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজ এ কথা বলেন। এ ছাড়া মন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে থ্রি জি লাইসেন্স দেওয়া হবে। একই সঙ্গে জেলা প্রশাসকদের টেলিটক সিম দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে গত রোববার জাতীয় সংসদের ১৩তম অধিবেশনের শেষ দিনে স্পিকার আবদুল হামিদ পদ্মা সেতু নির্মাণে নিজস্ব অর্থায়নের উত্স হিসেবে মোবাইল ফোনের প্রতি কলে ২৫ পয়সা করে সার-চার্জ আরোপের প্রস্তাব করেন।আবদুল হামিদ নিজস্ব অর্থায়নের ব্যাপারে তাঁর প্রস্তাব তুলে ধরে বলেন, মোবাইল ফোনের প্রতি কলে যদি ২৫ পয়সা করে নেওয়া যায়, তাহলে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা যাবে। প্রতি কলে ২৫ পয়সা নির্ধারণ করলে, তা খুব বেশি হবে না। এ বিষয়ে তিনি সাংসদদের নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে কথা বলতে বলেন।