মুঠোফোন কোম্পানিগুলোর হিসাব নিরীক্ষা করবে বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ছয় মুঠোফোন কোম্পানির হিসাব নিরীক্ষা (অডিট) করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিয়োগ করা অডিট ফার্ম। এ ছাড়া ব্যান্ডউইডথের দাম ১২ হাজার টাকায় নামিয়ে আনার সিদ্ধান্তও নিয়েছে বিটিআরসি।আজ বৃহস্পতিবার রাজধানীর বিটিআরসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ। গত দুই বছরে কমিশনের কার্যক্রম ও অগ্রগতি জানানোর জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বিটিআরসির দুই বছরের কর্মকাণ্ড নিয়ে লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন তিনি।বিটিআরসির চেয়ারম্যান জানান, বিটিআরসি এ পর্যন্ত ২৬ ধরনের মোট ৮৩২টি লাইসেন্স দিয়েছে। আর গত দুই বছরে ৪৪৭টি লাইসেন্স দেওয়া হয়েছে। বন্ধ পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) অব্যবহূত যন্ত্রপাতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জিয়া আহমেদ বলেন, ‘নতুন করে পিএসটিএন লাইসেন্সের নীতিমালার খসড়া তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নীতিমালাটি চূড়ান্ত হয়ে গেলে নতুন পিএসটিএন লাইসেন্স দেওয়া হবে।’ তখন ওইসব অব্যবহূত যন্ত্রপাতির পুনর্বিন্যাস সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।সরকারি ল্যান্ডফোন বিটিসিএল, ওয়ার্ল্ডওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ এক্সেস (ওয়াইম্যাক্স) লাইসেন্স পাওয়া সত্ত্বে এখনো কাজ শুরু করেনি। এ প্রসঙ্গে জিয়া আহমেদ বলেন, ‘ওয়াইম্যাক্স লাইসেন্সের দাম ২১৫ কোটি টাকা। এরই মধ্যে লাইসেন্সের শর্ত অনুযায়ী বাংলালায়ন ও অগেরি লাইসেন্সের দাম পরিশোধ করে কাজ শুরু করেছে। কিন্তু ম্যাঙ্গো ও বিটিসিএল এ দাম পরিশোধ করতে পারেনি।’ তিনি জানান, এ ক্ষেত্রে ম্যাঙ্গো ও বিটিসিএল প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা দিয়ে কাজ শুরু করার অনুমতি চেয়েছিল, কিন্তু লাইসেন্সের শর্তভঙ্গ হওয়ায় বিটিআরসি এ সুযোগ দিতে পারে না।মুঠোফোন লাইসেন্সে শেয়ার ট্রান্সফার ফি বলে কিছু নেই উল্লেখ করে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘এয়ারটেল থেকে যেমন এ খাতে কোনো টাকা বিটিআরসি নেয়নি, তেমনি অন্য কোম্পানির ক্ষেত্রেও নেবে না।’ তাহলে একটেল বা আগের অন্য কোম্পানিগুলো, যারা বিটিআরসিকে এ খাতে ফি দিয়েছে, তাদের ফি কী ফেরত দেওয়া হবে—প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, অতীতের ভুলের বোঝা বর্তমান কমিশন কেন বইবে?সম্মেলনে কমিশনের ভাইস চেয়ারম্যান হাসান মাহমুদ দেলোয়ার, সচিব মো. মাহবুব আহমেদ, কমিশনার মো মাহবুবুর রহমান এবং এ টি এম মনিরুল আলম, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক আহসান হাবীব খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।