মুঠোফোন কোম্পানির বিনিয়োগের হিসাব চেয়েছে সংসদীয় কমিটি
বেসরকারি মুঠোফোন সেবাদাতা কোম্পানির বিনিয়োগ করা মূলধনের বিপরীতে কী পরিমাণ টাকা বিদেশে নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ বিষয়ে কমিটির আগামী বৈঠকে বিস্তারিত প্রতিবেদন দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বলা হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে আজ সোমবার এই হিসাব চাওয়া হয়। বৈঠক শেষে কমিটির সদস্য মইনুদ্দিন খান বাদল এ খবরের সত্যতা স্বীকার করেন। বৈঠক সূত্র আরও জানায়, কমিটি ২০০৭ সালের আগে ও পরে অবৈধ ভিওআইপির দায়ে লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা এবং সেসব প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি কী, তা জানতে চেয়েছে। এ প্রসঙ্গে মইনুদ্দিন খান বলেন, ‘অবৈধ ভিওআইপির দায়ে অনেক ছোট প্রতিষ্ঠানের কর্তাদের কারাদণ্ড হয়েছে। অথচ বড় প্রতিষ্ঠানগুলো জরিমানা দিয়ে রেহাই পেয়েছে। আইন এক হলে সবার শাস্তিও এক হওয়া উচিত। কমিটি এ বিষয়ে বিটিআরসির কাছে জানতে চেয়েছে।’ সংসদ সচিবালয় থেকে জানানো হয়. বৈঠকে মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (বঙ্গবন্ধু স্যাটেলাইট) উেক্ষপণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২০১৫ সালের মধ্যে স্যাটেলাইট উেক্ষপণ সম্ভব হবে। কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, খান টিপু সুলতান, এস কে আবু বাকের ও মইনুদ্দিন খান বাদল অংশ নেন।