মুঠোফোন-বিড়ম্বনায় তারিন
শুটিং স্পটে তিন ঘণ্টার জন্য মুঠোফোন হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী তারিন। গত মঙ্গলবারের ঘটনা। উত্তরার একটি শুটিং হাউসে শুটিং চলাকালে তারিনের ব্যক্তিগত মুঠোফোনটি তিন ঘণ্টার জন্য গায়েব হয়ে যায়। তারিন বলেন, ‘আব্বুকে অনেক দিন পর হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। প্রতি মুহূর্তে খবর নেওয়ার প্রয়োজন হচ্ছিল। মুঠোফোন হারিয়ে একরকম বিপাকেই পড়েছিলাম। অনেক তোড়জোড় শেষে তিন ঘণ্টা পর হঠাৎ করেই সাজঘরের টেবিলের ওপর মুঠোফোন চলে আসে।’ ঘটনা এখানে শেষ হলেও কথা ছিল। কিন্তু তার পর থেকেই তারিন আবিষ্কার করেন তাঁর বন্ধুবান্ধব, স্বজনদের কাছ থেকে বিস্ময় প্রকাশ করার মতো ফোন, এসএমএস। তারিন নাকি তাঁদের সবাইকে অপ্রীতিকর এসএমএস পাঠিয়েছিলেন। অনেককে নাকি বন্ধু হওয়ারও আহ্বান করেছেন। তৎক্ষণাৎ মুঠোফোনের সেন্ট আইটেমে গিয়ে তারিন খেয়াল করেন, ৩০ জনের মতো বন্ধুর কাছে এ ধরনের এসএমএস গিয়েছে। তারিন বলেন, ‘কে বা কারা এ ধরনের নোংরা কাজের সঙ্গে জড়িত ছিল, তা জানতে পারিনি। তবে আমার মুঠোফোন থেকে কারও কাছে অপ্রত্যাশিত এসএমএস গিয়ে থাকলে তা একান্তই অনিচ্ছাকৃত। এর আগেও আমার ফেসবুক অ্যাকাউন্ট একবার হ্যাক হয়েছিল। আমি বুঝি না, অন্যের ক্ষতি করে কার কোন ধরনের স্বার্থসিদ্ধি হয়।’