মুঠোফোন সিমের কর প্রত্যাহারের সুপারিশ
মুঠোফোনের সিম কার্ডের ওপর থেকে ৮০০ টাকা করের পুরোটাই প্রত্যাহারের প্রস্তাব করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।একই সঙ্গে ফোনসেটের ওপর প্রচলিত দুই ধরনের করকাঠামো ভেঙে গড়ে প্রতি সেট ১০০ টাকা কর (ফ্ল্যাট ট্যাক্স) নির্ধারণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। অন্যান্য টেলিযোগাযোগ সরঞ্জামের ওপর থেকেও শুল্ক কমানোর কথা বলেছে তারা।আজ বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির ১১তম বৈঠক শেষে এসব সুপরিশের কথা জানান কমিটির সভাপতি হাসানুল হক ইনু।সংসদ ভবনে মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে হাসানুল হক ইনু বলেন, ‘আমাদের দেশের টেলিযোগাযোগ খাতে যে কর ও শুল্ক কাঠামো হয়েছে তা ব্যবসাবান্ধব নয়। এই কাঠামো ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধক বলে আমরা মনে করি।’হাসানুল হক বলেন, বর্তমানে টেলিকম খাতের বিভিন্ন যন্ত্রপাতি এবং ব্যবসায় প্রায় ৪০ শতাংশ কর দিতে হচ্ছে। মোবাইল সিমের ওপর ৮০০ টাকা এবং মোবাইল ফোনসেটের ওপর ১২ শতাংশ হারে কর রয়েছে। কমিটি মোবাইল সিমের কর শূন্য শতাংশ এবং সব ধরনের মোবাইল ফোনসেটের ওপর গড়ে ১০০ টাকা কর ধার্য করার সুপারিশ করা হয়েছে।