মুঠোফোনটি উদ্ধার হলো যেভাবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি ৩ নম্বর। রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক যুবক, হঠাৎ মোটরসাইকেল আরোহী তিনজন যুবক অস্ত্র হাতে এগিয়ে এসে গতিরোধ করে পথচারী যুবকের। খুবই স্বাভাবিক নিয়মে অস্ত্রের ভাষায় বলে, যা আছে সব দিয়ে দাও। পকেটে থাকা অনেক প্রিয় মুঠোফোনটি তুলে দিল অস্ত্রধারীদের হাতে। প্রচণ্ড মন খারাপ নিয়ে বাসায় ফিরে এল। বাসায় এসে ভীষণ মন খারাপ করে তার তিক্ত অভিজ্ঞতাটুকু ব্যক্ত করল যুবকের বড় ভাইয়ের কাছে। বড় ভাই আইনজীবী হওয়ায় আইনের কিছু রাস্তা দেখিয়ে দিয়ে বললেন, ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করো। পরদিন থানায় গিয়ে ঘটনার সব বর্ণনা উপস্থাপন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি সাধারণ ডায়েরির (জিডি) একখানা হস্তলিখিত আবেদনপত্র জমা দেয়। থানার সহকারী দরখাস্তখানা পড়ার পর কিছু পরিবর্তন করতে বলেন। বলা হয়, ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা দরখাস্তে উল্লেখ থাকলে তা সাধারণ ডায়েরির আওতায় পড়ে না। তখন সেটা হয়ে যায় ফৌজদারি অপরাধ। আর তা করতে গেলে তখন আপনার মামলা দায়ের করতে হবে নির্দিষ্ট ছিনতাইকারীর বিরুদ্ধে। যেহেতু আপনি ছিনতাইকারীর নাম, পিতার নাম কিছুই জানেন না, সেহেতু আপাতত হারিয়ে গেছে উল্লেখ করে—আপনার মোবাইল ফোনের মডেল নম্বর, আইএমইআই নম্বর দিয়ে একখানা দরখাস্ত করে যান, আমরা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ডিবি পুলিশের সহায়তায় আপনার মুঠোফোনটি উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। খানিকটা আশা নিয়ে বাসায় ফিরে আসেন যুবক। এরই মধ্যে ওই যুবকের অন্য একটি মুঠোফোনে ছিনতাই হওয়া মোবাইল ফোন থেকে এসএমএস আসতে থাকে। এর কারণ, ওই যুবক তার মোবাইলে অ্যান্টি লস্ট নামের একটি সফটওয়্যার চালু করে রেখেছিল। এই সফটওয়্যারের কাজ হলো, যখনই ছিনতাই বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনে কোনো নতুন সিম লাগানো হবে, ওই সিম থেকে একটি এসএমএস পাঠিয়ে দেয় অন্য একটি রিপোর্টিং নম্বরে। এবং সেই রিপোর্টিং নম্বরটি ছিল ওই যুবকের অন্য একটি মোবাইল ফোন নম্বর। এভাবে এসএমএসে পাওয়া নম্বরের মাধ্যমে বর্তমানে তাঁর মুঠোফোনটি কোথায় আছে, তার সন্ধান পান।কিছুদিন পর যুবকটি জানতে পারেন, যার কাছে তাঁর মুঠোফোনটি আছে তাকে মতিঝিল এলাকায় গেলে পাওয়া যেতে পারে। এ পরিপ্রেক্ষিতে ওই যুবক মতিঝিল এলাকায় গিয়ে এসএমএস থেকে পাওয়া নম্বরে ফোন দেন। এবং যার কাছে মোবাইল ফোনটি ছিল, তাকে পুলিশ এবং জিডি কপির তথ্যের ভিত্তিতে আটক করে। ওই জিডি কপির মধ্যে লিপিবদ্ধ মোবাইলের মডেল এবং আইএমইআই নম্বর মিলিয়ে যুবক তাঁর মুঠোফোনটি ফেরত পান। আটক আসামিকে প্রথমে মতিঝিল থানায় জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তী সময়ে ধানমন্ডি থানায় তাকে জেলহাজতে প্রেরণ করে। আইন অনুযায়ী যে থানায় মামলা অথবা জিডি করা হয়, ওই থানা থেকেই আসামিকে গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়ে থাকে। ওপরের ঘটনাটি আমার নিজেরই। আইন অধিকারের পাঠকদের জন্য ঘটনাটি তুলে ধরা প্রয়োজন মনে হলো। এত অন্য পাঠকেরাও উপকৃত হতে পারেন।অরণ্য আশরাফ, ঢাকা