মুঠোফোনে অপরাধ: নিয়মনীতির নেই বালাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন যত যাচ্ছে, প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবনযাত্রার মান তত আধুনিক হচ্ছে। প্রযুক্তির উন্নয়নের ফলে সমাজের মানুষের বিভিন্ন উপকারিতার পাশাপাশি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপরাধও সংঘটিত হচ্ছে। বিশেষ করে প্রতিদিন মানুষের অতিব্যবহূত ইন্টারনেট, মোবাইল ফোন, ল্যান্ডফোনসহ বিভিন্ন মাধ্যমে অপরাধ সংঘটিত হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে এই অপরাধ প্রতিটি সমাজেই উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে শিশু-কিশোর ও যুবসমাজ। বিশেষ করে নারীরা এই অপরাধের শিকার হচ্ছে সবচেয়ে বেশি। সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে সমাজে প্রযুক্তির অপব্যবহার কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন ।নিয়মনীতির বালাই নেই: সরকার মোবাইল ফোন, ল্যান্ডফোন, ইন্টারনেট সংযোগ ও ব্যবহার করার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম করে দিয়েছে। কিন্তু সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলো অনেক সময় নিয়মকানুন মেনে চলে না। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন রাস্তার মোড়ে নিয়মনীতি ছাড়াই সিমকার্ড বিক্রি হচ্ছে। ফার্মগেটের ফুটওভার ব্রিজের পাশে সিমকার্ড বিক্রি করছেন আ. মালেক নামের এক বিক্রেতা। কিছুক্ষণ দাঁড়াতেই দেখা গেল, অনেকেই কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন কোম্পানির সিমকার্ড। সিমকার্ড বিক্রেতা আ. মালেক বলেন, ‘ভাই, গরিব মানুষ, যে ব্যবসা পাই, তা-ই করি। সিমকার্ড বিক্রিতে ঝামেলা কম এবং নষ্টও হয় কম। তাই এ ব্যবসা করতাছি কিছুদিন হইল।’ নিয়ম মেনে সিমকার্ড বিক্রি করেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোনো নিয়ম জানি না। লোকজনের সঙ্গে দামে বুনলেই বিক্রি করি।’ তিনি আরও বলেন, ‘সবাই নিয়ম মানলে আমিও নিয়ম মাইনা সিমকার্ড বিক্রি করমু।’ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা গেল, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থী সিমকার্ড ক্রয় করছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষার্থী বলেন, ‘হাতের কাছে পেলাম, তাই কিনে নিলাম।’ নিয়ম না মেনে সিমকার্ড কেন ক্রয় করলেন, জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়ম জানি, কিন্তু প্রয়োগ নেই, তাই আমিও নিয়ম না মেনেই সিমকার্ড কিনলাম।’ গবেষণায় দেখা গেছে, নিবন্ধনহীন সিমকার্ড দ্বারা তুলনামূলক বেশি অপরাধ সংঘটিত হয়। সরকার এই অপরাধ প্রতিরোধে নিবন্ধন নীতিমালা জারি করেছে। কয়েক বছর আগে লন্ডনে মোবাইল ফোনের অপরাধ বেড়ে গেলে সরকার মোবাইল ফোনের আইএমইআইয়ের (সেট শনাক্তকরণ গোপন নম্বর) মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনে। এরপর সেটি বন্ধ করে দেয়। ফলে সেটি শুধু খেলনা মোবাইলে পরিণত হয়, কিন্তু বর্তমানে এ ব্যবস্থা অনেকটাই অকেজো। এখন একই আইএমইআই নম্বরে একাধিক মোবাইল ফোন ব্যবহূত হয়। সম্প্রতি পত্রিকায় প্রকাশিত এক সংবাদে প্রকাশ, র‌্যাব ও গোয়েন্দাদের অনুসন্ধানে দেখা গেছে, একটি আইএমইআই নম্বরে ১৯৮টি মোবাইল ফোনসেট ব্যবহূত হচ্ছে। মোবাইল ফোন ও সিমকার্ড বিক্রির ক্ষেত্রে ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত অনিয়ম করছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে অসাধু ব্যবসায়ীদের নকল মোবাইল ফোনসেট বিক্রি এবং চুরি হওয়া ব্যবহূত মোবাইল ফোনসেট বিক্রি। বর্তমানে বাজারে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য অনেক ব্যবসায়ী কম দামে মোবাইল ফোনসেট বিক্রি করছেন। সেগুলো চায়না মোবাইল নামেই বহুল প্রচলিত। এসব মোবাইল ফোনসেটে আইএমইআই নম্বর থাকে না, যার ফলে অপরাধীরা অপরাধ করে নির্বিঘ্নে পার পেয়ে যাচ্ছে।অপরাধীদের হাতিয়ার: অপরাধীরা বর্তমানে প্রযুক্তিকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা প্রযুক্তির সুবিধা নিয়ে সংঘটিত করছে বিভিন্ন রকম অপরাধ। এটি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে নীতিমালা কড়াকড়ি করা মোটামুটি সম্ভব হলেও মোবাইল ফোনের ক্ষেত্রে এটা একেবারে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। যেখানে সেখানে সিমকার্ড ক্রয়- বিক্রয় হচ্ছে। এসব সিমকার্ডের রেজিস্ট্রেশনের কোনো বালাই নেই। সিমকার্ড রেজিস্ট্রেশন না থাকায় এগুলো অপহরণ, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ইভ টিজিংসহ নারী ও শিশু নির্যাতন, অপহরণ ও পাচারের কাজে ব্যবহূত হচ্ছে। ঘন ঘন সিমকার্ড পরিবর্তনের কারণে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। ল্যান্ডফোনগুলো যে নামে নিবন্ধন হয়, পরবর্তী সময় সেগুলো আর ওই নামে থাকে না। এটা নানাভাবে হস্তান্তরিত হতে থাকে বিধিবহির্ভূত পন্থায়। অনেক ফোনের মালিক ইহধাম ত্যাগ করেছেন, কিন্তু তাঁর স্থলে পরবর্তী ব্যবহারকারীর নামে নামজারি হয় না। একজনের নামে একটি ফোন বা সিমকার্ড ইস্যু হলে পরবর্তী সময় তার অতিরিক্ত সিমকার্ড লাগলে এর জন্য উপযুক্ত কারণ দর্শিয়ে আবেদন করা দরকার। কেউ সিমকার্ড বা ফোন নম্বর পরিবর্তন করতে চাইলে আগের নম্বর বা সিমকার্ড জমা দিতে হবে; এমন আইন হওয়া উচিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন ।বর্তমানে বিজ্ঞানের এ মহৎ আবিষ্কার বখাটেদের হাতে গিয়ে কুকর্মে বা অপরাধমূলক কাজে ব্যবহূত হচ্ছে। মাদারীপুর জেলার রাজৈর থানায় বসে মোবাইল ফোনের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকার শিল্পপতিদের হুমকি দিয়ে চাঁদা আদায় করছিল একটি চক্র। শুধু চাঁদা আদায় করাই নয়, বিভিন্ন ধরনের অপরাধ হচ্ছে মোবাইল ফোন, ল্যান্ডফোন ও ইন্টারনেটের মাধ্যমে। দেশের একটি চক্র ডিজিটাল ক্যামেরা ও মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্নভাবে গোপনে বা জোরপূবর্ক মেয়েদের অশ্লীল ছবি ও ভিডিও রেকর্ড করছে। শুধু ছবি তুলে বা ভিডিও করেই বসে থাকেনি, ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিচ্ছে। ইন্টারনেটে এসব ছবি ছেড়েও তারা ক্ষান্ত হচ্ছে না, ব্ল্যাকমেইলের মাধ্যমে ভুক্তভোগীদের নানা রকম অনৈতিক কাজে বাধ্য করছে। মোবাইল ফোন অপারেটর রবির যোগাযোগ ও মিডিয়া কর্মকর্তা মহিউদ্দিন বাবর বলেন, ‘ভুক্তভোগী যদি আমাদের কাছে অভিযোগ করে, সে ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যথাসাধ্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। আমাদের কোনো গ্রাহক যদি নির্দিষ্ট নম্বরের বিরুদ্ধে অভিযোগ করে, সেই নম্বরটি ব্লক করা হয়ে থাকে।’ কছুদিন আগে কম্বোডিয়ার এক বৌদ্ধ মন্দিরে দুই কিশোরী গোসল করার সময় একজন গোপনে তার চিত্রধারণ করে। ওই ব্যক্তিকে বিচারের সম্মুখীন করে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মোবাইল ফোনে অপরাধের কারণে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা বিঘ্নিতি হয় মারাত্মকভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলরুবা আফরোজ বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে দেশের মানুষ সুবিধা পাচ্ছে ঠিকই, বর্তমানে এই সুবিধার অনেকেই অপব্যবহার করছে। প্রযুক্তিকে নারী ও শিশুদের নির্যাতনের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অনেকে। তিনি আরও বলেন, এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ নয়। এটা যারা করে তারা মানসিকভাবে অসুস্থ।নীতিমালা ও সচেতনতা: এসব অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নীতিমালা বাস্তবায়নে সরকার ও জনগণকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার বলেন, প্রতিটি সুবিধার কিছু অপব্যবহার হয়। মোবাইল ফোন, ল্যান্ডফোন ও ইন্টারনেটের মাধ্যমে অপরাধ করার সুযোগ আছে। সুনির্দিষ্ট আইন করে এর অপব্যবহার রোধ করতে হবে। তিনি আরও বলেন, শুধু আইন করলেই হবে না, এর যথাযথ প্রয়োগ করতে হবে। সিমকার্ড বা মোবাইল ফোনের নতুন সংযোগের মালিকানা অর্জন, মালিকানা পরিবর্তন, রেজিস্ট্রেশনসংক্রান্ত তথ্যাদি সংস্করণ করা প্রভৃতি বিষয়ে নিয়মকানুন রয়েছে। নতুন সংযোগ গ্রহণে রেজিস্ট্রেশন নীতিমালা অনুযায়ী আবেদনপত্রে মূল মালিকের স্বাক্ষর, ছবি, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি জমা দিতে হবে। ঠিকানা পরিবর্তন বা মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে লেটার প্যাডে আবেদনপত্র, অনুমোদিত ব্যক্তির ক্ষমতাপত্র, নাগরিকত্ব সনদপত্র, পাসপোর্টের ফটোকপি বা জাতীয় পরিচয়পত্র ইত্যাদি জমা দিতে হবে। ঠিকানা পরিবর্তন বা মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে রেজিস্ট্রেশনসংক্রান্ত তথ্যাদি আপডেট করতে হয়, কিন্তু এসব নিয়মকানুন সঠিকভাবে পালন করা হয় না। অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি শানা শামীনুর রহমান বলেন, মোবাইল ফোন, ল্যান্ডফোন ও ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত অপরাধ প্রতিরোধে সিআইডি, র‌্যাব ও ডিবির বিশেষ ইউনিট আছে। অপরাধের মাত্রা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়, তবে সুনির্দিষ্ট বিভিন্ন সাইবার অপরাধের জন্য প্রয়োজনীয় আইন হওয়া জরুরি।আইনের যথাযথ প্রয়োগ: সুনির্দিষ্টভাবে মোবাইল অপরাধ সংঘটিত হলে সাজার পরিমাণ কী হবে, তা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০১০ সালের সংশোধিত আইনে বলা আছে। যদি কেউ অশ্লীল কোনো ছবি বা বার্তা মোবাইল ফোনে আদান-প্রদান করে, তাহলে ৬৯ ধারা ক,খ দফায় বলা আছে, ওই ব্যক্তিদ্বয়কে দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ কোটি টাকা জরিমানা বা উভয় সাজা ভোগ করতে হবে। এ ছাড়া ৬৯ ধারার গ-তে বলা হয়েছে, কেউ যদি চাঁদা আদায়ের উদ্দেশ্যে খুদেবার্তা বা কল করে হুমকি দেয়, তবে তার পাঁচ বছর জেল অথবা পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হবে। ৭০ ধারায় বলা হয়েছে, ফোনের মাধ্যমে কাউকে বিরক্ত করলে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হবে। কারও ফোনে যদি আড়িপাতা হয়, তবে ৭১ ধারায় বলা হয়েছে, দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ কোটি টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারা ভোগ করতে হবে।এই আইনের ক্ষেত্রে ৯৭ ধারার ক-তে বলা হয়েছে, সরকার যদি মনে করে, তবে সে ক্ষেত্রে দেশের প্রয়োজনে যেকোনো সময় যে কারও মোবাইল ফোনে আড়িপাতার অধিকার সরকারের আছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০১০ সালের সংশোধিত আইনের ৬৬ ধারায় বলা আছে, কাউকে উদ্দেশ্য করে যদি মিথ্যা বার্তা পাঠানো হয়, সে ক্ষেত্রে পাঁচ বছরের কারাদণ্ড অথবা ১০০ কোটি টাকা জরিমানা করা হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে মুঠোফোনের মাধ্যমে অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন ।