মুঠোফোনে অর্ণবের ‘আধেক ঘুমে’
মুঠোফোনে প্রকাশিত হয়েছে অর্ণবের নতুন একক গানের অ্যালবাম ‘আধেক ঘুমে’। বেঙ্গল মিউজিক থেকে সামনের মাসে অ্যালবামটি সিডি আকারে বাজারে আসবে।গত রোববার থেকে মুঠোফোন প্রতিষ্ঠান রবির ৮০৮০৪ নম্বরে ডায়াল করে অর্ণবের নতুন অ্যালবামের গানগুলো শোনা যাচ্ছে।আধেক ঘুমে অ্যালবামটি অর্ণব সাজিয়েছেন শান্তিনিকেতনে শেখা গানগুলো থেকে নির্বাচিত ১২টি রবীন্দ্রসংগীত নিয়ে। এ ছাড়া অ্যালবামটিতে একটি মৌলিক গানও রয়েছে। রবীন্দ্রসংগীতগুলোর মধ্যে রয়েছে ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’, ‘আধেক ঘুমে’, ‘সঘন গগনে’, ‘আমি কান পেতে রই’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘কোথা হতে বাজে’, ‘প্রচণ্ড গর্জনে’, ‘ধ্বনির আহ্বান’, ‘পুরানো সেই’, ‘আমার দিন ফুরাল’। এর মধ্যে ‘শাওনে গগনে’ গানে শ্রাবন্তী আলী ও ‘আমার দিন ফুরাল’ গানে ওয়ার্দাও কণ্ঠ দিয়েছেন। বাকি গানগুলো অর্ণবের একক কণ্ঠের।অর্ণব প্রথম আলো ডটকমকে বলেন, ‘আধেক ঘুমে অ্যালবামটির জন্য গত দুই বছর আমি শুধুমাত্র পিয়ানো পড়া, লেখা এবং শেখার কাজটি করেছি। চেষ্টা করেছি সেই শেখাটাকে অ্যালবামটিতে কাজে লাগানোর। একসময় রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গানের সঙ্গে তাঁরই বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর পিয়ানো বাজিয়েছিলেন। ওই গানগুলোর সুরে অন্য রকম একটা অনুভূতি তৈরি হয়। এখান থেকে আমিও অনুপ্রাণিত হয়ে এবারের অ্যালবামটির জন্য গান করার সময় পিয়ানো ব্যবহার করেছি। গানগুলোতে সেই অনুভূতিটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এ ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন বন্ধু অ্যাইভিন্ড লডেমেল।’এদিকে অর্ণব জানিয়েছেন, সিডি আকারে অ্যালবামটি প্রকাশের সময় ভক্ত ও শ্রোতাদের জন্য চমক হিসেবে আলাদা আরও একটি গান উপহার দেওয়ার সম্ভাবনাও রয়েছে।উল্লেখ্য, আধেক ঘুমে অর্ণবের পঞ্চম অ্যালবাম। তাঁর আগের অ্যালবামগুলো হলো—‘চাই না ভাবিস’, ‘হোক কলরব’, ‘ডুব’ এবং ‘রোদ বলেছে হবে’।