মুঠোফোনে কথা বলতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
বাস ছাড়ার ১০ মিনিটের মধ্যে চালক মুঠোফোনে কথা বলতে শুরু করেন। আর এরই একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পাশের একটি খাদে পড়ে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত এবং ২০ যাত্রী আহত হয়। আজ বুধবার সকাল সাড়ে নয়টায় দিকে জয়পুরহাটের আক্কেলপুরে সোনামুখীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন, উপজেলার আওয়ালগাড়ী গ্রামের বকুলের স্ত্রী মোমেনা খাতুন (২২) ও তাঁর মেয়ে মিথিলা (৫)। মোমেনা মেয়েকে নিয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও আহত বাসযাত্রীরা জানায়, সকাল নয়টা ২০ মিনিটে পৌর সদরের হাইস্কুল সড়কের বাস টার্মিনাল থেকে খলিশ্বর পরিবহন নামে যাত্রীবাহী বাসটি বগুড়ার উদ্দেশে ছেড়ে যায়। ১০ মিনিট পরেই আক্কেলপুর-গোপীনাথপুর সড়কের সোনামুখী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই মা ও মেয়ের মৃত্যু হয়।হাসপাতালে চিকিত্সাধীন আহত বাসযাত্রী আনোয়ার হোসেন জানান, বাসে ২৫-৩০ জন যাত্রী ছিল। বাসটি সোনামুখী বাজার অতিক্রম করার পর চালক মুঠোফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে একটি খাদে পড়ে গিয়ে উল্টে যায়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান প্রথম আলো অনলাইনকে জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক জাকির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।