মুঠোফোনে কথার প্রভাব পড়ে মস্তিষ্কের কোষে
কানে মুঠোফোন ধরে ৫০ মিনিট কথা বললে আমাদের মস্তিষ্কের কোষের সক্রিয়তা পরিবর্তিত হয়ে যায়। কথা বলার সময় মোবাইলের অ্যান্টেনা মস্তিষ্কের খুব কাছে থাকার কারণে কোষের সক্রিয়তার এ পরিবর্তন হয়। কিন্তু এ পরিবর্তনের ফলে কোনো ক্ষতি হয় কি না, সেটা পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএইচ) এক গবেষণায় এটি উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের মেডিকেল অ্যাসোসিয়েশনের সাময়িকীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।এনআইএইচের চিকিত্সক নোরা ভলকো বলেন, ‘আমরা দেখেছি মুঠোফোনের অ্যান্টেনা মানুষের মস্তিষ্কের কাছাকাছি থাকলে মস্তিষ্কের সক্রিয়তা বাড়তে থাকে।’ওয়ারল্যাস ফোনের সিগন্যালের কারণে ইলেকট্রম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে মস্তিষ্ক কীভাবে প্রতিক্রিয়া করে, এমন প্রশ্নের জবাবে নোরা ফলকো বলেন, ‘আমরা বিস্মিত হয়েছি, মুঠোফোনের দুর্বল ইলেকট্রম্যাগনেটিক রেডিয়েশন মস্তিষ্কের সক্রিয়তাকে প্রভাবিত করতে পারে।’ তবে তিনি বলেন, গবেষণার ফলাফল এটা প্রমাণ করে না যে মুঠোফোনের কারণে ক্যানসার হতে পারে। পাশাপাশি গবেষণা এটাও নির্দেশ করে না যে মানুষের মস্তিষ্ক মুঠোফোনের ইলেকট্রম্যাগনেটিক রেডিয়েশনের প্রতি সংবেদনশীল।১৯৮০ সালের মাঝামাঝি বাজারে আসে মুঠোফোন। এরপর থেকে বাড়তে থাকে জনপ্রিয়তা। বর্তমানে প্রায় ৫০০ কোটি মানুষ মুঠোফোন ব্যবহার করছে। বিভিন্ন সময়ে কিছু গবেষণা দেখানোর চেষ্টা করেছে মুঠোফোনের কারণে ক্যানসার হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বড় ধরনের গবেষণার মাধ্যমে প্রমাণ করেছে মুঠোফোনের কারণে ক্যানসার হয়, এ ধারণা সঠিক নয়।