মুঠোফোনে কারাবন্দী শীর্ষ সন্ত্রাসীর চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দী এক শীর্ষ সন্ত্রাসী এক মাসেই মুঠোফোনে তিন হাজার ৪০০ মিনিট কথা বলেছেন। অসংখ্য খুদেবার্তাও (এসএমএস) পাঠিয়েছেন। মূলত চাঁদা আদায়সহ অপরাধজগৎ নিয়ন্ত্রণেই এসব কথোপকথন ও খুদেবার্তা দেওয়া হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। আলোচিত এই সন্ত্রাসী হাবিবুর রহমান তাজ। ২০০৭ সালের ৭ অক্টোবর ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পর তিনি কিছুদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। বর্তমানে কাশিমপুর-১ কারাগারে আছেন।জানা গেছে, তাজ এক মাসে তাঁর স্ত্রী ও সহযোগীদের ফোন করেছেন, আবার তাঁরাও তাজকে ফোন করেছেন। র‌্যাবের গোয়েন্দা কর্মকর্তারা তাঁর ফোন নম্বর পর্যবেক্ষণ করে এসব তথ্য পেয়েছেন। এই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, চাঁদা দাবির সূত্র ধরে তাজসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর ফোনে কথোপকথনের তথ্য পেয়েছেন তাঁরা। এসব তথ্যে তাঁরা নিজেরাই বিস্মিত হয়েছেন।কেন্দ্রীয় কারাগারের জেলার তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা কথা বলতে পারে, তবে সেটা জেলখানার ভেতরে বসে নয়। কারাগারের বাইরে কথা বলার দায় কারা প্রশাসনের নয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান, তাজ কারাগারে বসেই নিজে ও সহযোগীদের মাধ্যমে ফোন করে চাঁদাবাজি করছেন। এ সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ পুলিশের কাছে আছে। কাফরুলের বাটারফ্লাই কোম্পানির এক নারী কর্মকর্তার কাছে তাজের সহযোগী পিচ্চি ফারুক দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি তা দিতে অস্বীকার করলে প্রতিষ্ঠানের সামনে বোমা ফাটিয়ে ও হামলা চালিয়ে কর্মচারীকে মারধর করা হয়। কাফরুল থানায় এ নিয়ে অভিযোগ করার পর গোয়েন্দা কর্মকর্তারা জানতে পারেন যে, তাজের স্ত্রী সালমা কথা বলেছেন আরেক সন্ত্রাসী ল্যাংড়া মোমিনের সঙ্গে এবং মোমিন কথা বলেছেন পিচ্চি ফারুকের সঙ্গে। আর তাজ তাঁর স্ত্রীকে টেলিফোনে এ নির্দেশ দিয়েছেন। পুলিশ কর্মকর্তারা জানান, একইভাবে কচুক্ষেতের ভাই ভাই সুপার মার্কেটের এক ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শফিউল্লাহ, শাহ আলী প্লাজার ব্যবসায়ী বোরহানের কাছে চাঁদা দাবি করা হয়েছে। কাফরুল থানায় দায়ের করা এক সাধারণ ডায়েরিতে পলাশ নামের এক যুবক অভিযোগ করেন, তাজের আত্মীয় পরিচয়ে আমির হোসেন নামের এক যুবক চাঁদা দাবি করেন। পল্টন থানায় নজরুল ইসলাম ডায়েরি করে জানান, তাজের ভাই পরিচয় দিয়ে তাঁর কাছে ১৫ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে। নজরুল ইসলাম নামের আরেক ব্যক্তি অভিযোগ করেন, তাজের ভাই মাশরাফির নামে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে। র‌্যাবের গোয়েন্দা কর্মকর্তারা জানান, চাঁদাবাজির এসব অভিযোগ পাওয়ার পর ল্যাংড়া মোমিন ও পিচ্চি ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা দুজনই তাজের নির্দেশে চাঁদাবাজি করার কথা স্বীকার করেছেন। কারাগারে বসে তাজ নিয়মিত তাঁর স্ত্রী ও ল্যাংড়া মোমিন ছাড়াও ইমন, সুমন ও জিকনের সঙ্গে যোগাযোগ করেছেন। ল্যাংড়া মোমিন সব তথ্য রুহুল তাপস ও পিচ্চি ফারুকের কাছে পৌঁছে দিয়েছেন। কারাগারে বসে গত বছরের ডিসেম্বর মাসে তাজ তাঁর ফোন থেকে তিন হাজার ৪০৪ মিনিট ৯১ সেকেন্ড কথা বলেছেন। এর মধ্যে স্ত্রী সালমার সঙ্গে তিনি ৮১৩ মিনিট ২৮ সেকেন্ড কথা বলেছেন এবং ৭৮টি এসএমএস পাঠিয়েছেন। ল্যাংড়া মোমিনের সঙ্গে তাজ দুটি নম্বর থেকে ২৯১ মিনিট ৭৭ সেকেন্ড কথা বলেছেন। ইমনের সঙ্গে কথা বলেছেন ৫২৫ মিনিট ২ সেকেন্ড। তিনটি নম্বর থেকে সুমনের সঙ্গে কথা বলেছেন ৩৩০ মিনিট ৪৪ সেকেন্ড এবং জিকনের সঙ্গে কথা বলেছেন ২৯ মিনিট ৯২ সেকেন্ড।তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ভিআইপি বন্দীদের কয়েকজন কারাগারে বসে অবৈধ ফোনালাপ করলে তা বন্ধ করতে ‘জ্যামার’ লাগানো হয়। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছয়টি জ্যামার লাগানো আছে। তবে এসব জ্যামার বিশেষ বিশেষ স্থানে বসানো আছে। অন্য স্থান থেকে কথা বলা যায়।সূত্র জানায়, ফোনে কথা বলা বন্ধ করতে বিভিন্ন সংস্থা শীর্ষ সন্ত্রাসীদের পৃথক কারাগারে রাখা এবং কারাগারে ফোন বন্ধ করার ব্যবস্থা করতে সুপারিশ করেছে। আদালতে আসামিদের উপস্থিতির সময়ও তাদের সঙ্গে স্বজন ও বন্ধুদের দেখা করাও বন্ধ করতে বলা হয়েছে। জানা গেছে, তাজ ছাড়াও কারাগারে বন্দী অনেক সন্ত্রাসী মুঠোফোনে কথা বলছেন বলে অভিযোগ আছে।