মুঠোফোনে ছাত্রীর আপত্তিকর ছবি, তিন ছাত্রের কারাদণ্ড
মুঠোফোনে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর আপত্তিকর ভিডিও চিত্র ধারণ করার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের ভ্রাম্যমাণ আদালত পরে তাদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেন। রাজধানীর উত্তরার একটি মেসে আজ শনিবার এ ঘটনা ঘটে।র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, সাজা পাওয়া তিন যুবক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র।র্যাব সূত্র জানায়, আজ দুপুরে পূর্বপরিচিত এক যুবক অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি মেসে নিয়ে যান। সেখানে পারভেজ সরকার (২০), মাহবুব হাসান (২০) ও উদয় শর্মা (২০) নামের তিন যুবক ওই মেয়ের আপত্তিকর ভিডিও ছবি মুঠোফোনে ধারণ করেন। এরপর তাঁরা মেয়েটির কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়া হলে ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলেও মেয়েটিকে ভয় দেখানো হয়।সূত্র জানায়, মেস থেকে বেরিয়ে এসে র্যাব-১-এর কার্যালয়ে মেয়ে এ ঘটনা জানায়। এরপর র্যাবের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশাকে সঙ্গে নিয়ে সেখানে যায়। মুঠোফোনের তথ্যধারকসহ (মেমোরি কার্ড) তিন যুবককে হাতেনাতে আটক করে র্যাব। ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।র্যাবের কর্মকর্তারা জানান, সাজা পাওয়া পারভেজ, মাহবুব ও উদয় স্বীকার করেছেন, তাঁরা পূর্বপরিকল্পিতভাবে মেয়েটির আপত্তিকর ভিডিও চিত্র ধারণ করেছেন। তাঁরা তিনজনই নিজেদের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেন।