মুঠোফোনে নিমগ্ন চালক, বাস খাদে, দুই যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলছিলেন বিলাসবহুল গ্রিনলাইন বাসের চালক। যাত্রীরা বারবার নিষেধ করা সত্ত্বেও গুরুত্ব দেননি। একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। যাত্রীবাহী ওই বাসটি এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর বিসিক শিল্প এলাকায় গতকাল বুধবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যাত্রীর।নিহত যাত্রীরা হলেন যশোরের রেলগেট এলাকার বাসিন্দা মো. সামিরুজ্জামান (৪২) ও সিলেটের আম্বরখানা সড়কের বাসিন্দা মামুন মিয়ার স্ত্রী সুলতানা বেগম (২২)। চট্টগ্রাম থেকে সিলেটগামী ওই বাসে ৩৬ জন যাত্রী ছিলেন। আহত ২০ যাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। চালক ও তাঁর সহযোগী বর্তমানে পলাতক রয়েছেন।আহত কয়েকজন যাত্রী ও পুলিশ সূত্র জানায়, পণ্যবাহী একটি ট্রাককে ধাক্কা দিয়ে গ্রিনলাইনের ওই বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সামিরুজ্জামান মারা যান। আর ট্রাকের অ্যাঙ্গেলের সঙ্গে আটকে যান সুলতানা বেগম। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন দুই ঘণ্টা পর তাঁকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।দুর্ঘটনায় আহত যাত্রী মো. আব্বাছ উদ্দিন ও উত্তম চাকমা প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে বাসটি ছেড়ে আসার পর থেকে গাড়িটির চালক কিছুক্ষণ পরপর মুঠোফোনে কথা বলছিলেন। যাত্রীরা তাঁকে একাধিকবার নিষেধ করলে তিনি গুরুত্ব দেননি।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিতে ৩৬ জন যাত্রী ছিল। বিকেল চারটার দিকে বাসটি খাদ থেকে উদ্ধার করা হয়।