মুঠোফোনে পুর্জি পাবেন আখচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবর থেকে দেশের সব চিনিকলে ডিজিটাল পুর্জি (আখ সরবরাহের অনুমতিপত্র) চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ব্যবস্থায় চিনিকলগুলো আখচাষিদের মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে জানিয়ে দেবে, কোন দিন কাকে কী পরিমাণ আখ বিক্রির জন্য চিনিকলে নিয়ে আসতে হবে।বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) আশা করছে, ডিজিটাল পুর্জি চালুর ফলে চিনিকলগুলোতে উৎপাদন বাড়বে এবং আখ চাষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ৫০ লাখ মানুষ উপকৃত হবে।এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও বিএসএফআইসির কর্মকর্তারা জানান, গত বছর ঝিনাইদহের মোবারকগঞ্জ ও ফরিদপুরে পুর্জি-ব্যবস্থা ডিজিটাল করায় আখচাষিরা উপকৃত হয়েছেন। সে কারণেই আগামী ১৫ অক্টোবর থেকে সরকারি নিয়ন্ত্রণাধীন ১৩টি চিনিকলে এ ব্যবস্থা চালু হচ্ছে। এতে সরকারের ব্যয় হচ্ছে ৪০ লাখ টাকা। পর্যায়ক্রমে পঞ্চগড়, ঠাকুরগাঁও, সেতাবগঞ্জ, রংপুর, শ্যামপুর, রাজশাহী, মহিমাগঞ্জ, জয়পুরহাট, দর্শনা, কুষ্টিয়া, জামালপুর, কালিয়াচাপড়া, নরসিংদী ও পাবনায় পুর্জি-ব্যবস্থা ডিজিটাল করা হবে।বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান রণজিৎ কুমার বিশ্বাস জানিয়েছেন, ক্রমান্বয়ে খুদেবার্তার মাধ্যমে চাষিদের জন্য ঋণের পরিমাণ ও আখের মূল্য পরিশোধের তারিখ, আখের জমিতে সময়মতো সার, কীটনাশক ও সেচবিষয়ক তথ্য দেওয়া হবে।পুর্জি-ব্যবস্থা কী এবং কেন এটিকে ডিজিটাল করার চিন্তা করছে, জানতে চাইলে এটুআইয়ের পুর্জি প্রকল্পের ফোকাল পয়েন্ট ফরহাদ জাহিদ শেখ প্রথম আলোকে বলেন, পুর্জি হচ্ছে চাষিদের কাছ থেকে আখ কেনার অনুমতিপত্র। আখ যখন মাড়াইয়ের উপযুক্ত হয়, তখন চিনিকল কর্তৃপক্ষ আখচাষিদের কাছে চিরকুট পাঠায়। পাঠানোর তিন দিনের মধ্যে চাষিদের আখ নিয়ে চিনিকলে আসতে হয়। এই ব্যবস্থা বহুকাল ধরে চলে এলেও অনিয়ম হচ্ছিল প্রচুর। প্রায়ই চাষিদের কাছে এই চিরকুট সময়মতো পৌঁছায় না, চাষিরা সময়মতো চিনিকলে আখ নিয়ে আসতে পারেন না, চাষিরা ক্ষতিগ্রস্ত হন, চিনিকলও অচল থাকে। পুর্জি-ব্যবস্থা ডিজিটাল করায় গত বছর এক দিনের জন্যও চিনিকল বন্ধ থাকেনি। আগে একটি খাতায় আখচাষিদের নাম লেখা থাকত; এখন ডেটাবেইসে কতজন চাষি, কী পরিমাণ আখ চাষ করছেন তার রেকর্ড থাকছে। সে অনুযায়ী পুর্জি দেওয়া হচ্ছে মুঠোফোনে।ঝিনাইদহের মোবারকগঞ্জ আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ব্রিটিশ আমল থেকেই এই পুর্জিপ্রথা চলে আসছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পুর্জি বিতরণে ব্যাপক অনিয়ম চলছিল। চিনিকলের অসাধু কর্মকর্তারা টাকার বিনিময়ে একজন কৃষকের পুর্জি আরেকজনের হাতে দিচ্ছিলেন। চিনিকল থেকে কর্মকর্তারা এসে একজন কৃষকের আখ কাটার উপযুক্ত হয়েছে এমন মন্তব্য করে পুর্জি ইস্যু করতেন ঠিকই, কিন্তু চিনিকলের অসাধু লোকজন আরেকজনকে পুর্জি দিয়ে দিতেন। এতে অনেক কৃষকের পুষ্ট আখ শুকিয়ে গিয়ে উৎপাদন কম হতো। এ ছাড়া প্রায়ই এত দেরি করে কৃষকেরা পুর্জি হাতে পাচ্ছিলেন যে তখন আর তাঁদের পক্ষে আখ কেটে কলে পৌঁছানো সম্ভব হয় না।ঠিক কীভাবে এই পদ্ধতি কার্যকর করা হয়েছিল, জানতে চাইলে ঝিনাইদহের মোবারকগঞ্জের আখচাষি ইসরায়েল হোসেন বলেন, গত বছরের শেষ দিকে মাড়াই মৌসুমে প্রথম পুর্জি-ব্যবস্থাকে ডিজিটাল করা হয়। আখ উৎপাদিত হয় এমন গ্রামগুলোকে কয়েকটি ইউনিটে অন্তর্ভুক্ত করা হয়। প্রতি ইউনিট থেকে তিনজনকে চিনিকলের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে তাঁদের আবার অন্যান্য চাষির প্রশিক্ষণে ব্যবহার করা হয়। এতে করে আখ কাটার জন্য শ্রমিক নিয়োগ, চিনিকলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ঠিক করা ইত্যাদি প্রস্তুতি নিয়ে রাখা সম্ভব হচ্ছে। কর্মকর্তারা জানান, গত বছর আখচাষিদের এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়নি এবং পুষ্ট আখ মাড়াই করে রেকর্ড পরিমাণ চিনি উৎপাদিত হয়েছে। ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক সূর্যকান্তি বেপারি প্রথম আলোকে বলেন, ১০০ কেজি আখে গত বছর সর্বোচ্চ আট কেজির ওপর চিনি উৎপাদিত হয়েছে। মোবারকগঞ্জও চিনি উৎপাদনে শীর্ষস্থানে ছিল। উল্লেখ্য, বাংলাদেশে প্রতি একর জমিতে আখ উৎপাদনের পরিমাণ সবচেয়ে কম, মাত্র ১৫ টন। এ ছাড়া চিনিকলগুলোতে প্রতি ১০০ কেজি আখে চিনি উৎপাদনের ক্ষমতাও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কম। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে যেখানে আগে গড় উৎপাদনক্ষমতা ১০০ কেজিতে ছিল সাত থেকে সাড়ে সাত কেজি, সেখানে ইন্দোনেশিয়ায় ১২ দশমিক ৩ কেজি, হাওয়াইতে ১২ দশমিক ৪ কেজি এবং অস্ট্রেলিয়ায় ১৫ দশমিক ৬ কেজি। তবে অনেক চাষিই অভিযোগ করেছেন, ডিজিটাল পুর্জি-ব্যবস্থা সম্পর্কে এখনো চাষিরা পুরোপুরি জানেন না। অনেক চাষিরই মুঠোফোন নেই। আরও অনেক চাষিকে এই ব্যবস্থায় প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। আর চিনিশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু চিনিকলের পুর্জি-ব্যবস্থা ডিজিটাল করা হলেই উৎপাদন বাড়বে—এমনটি ভাবার কোনো অবকাশ নেই। ১৫টি চিনিকলের উৎপাদনক্ষমতা দুই লাখ ১০ হাজার ৪৪০ মেট্রিক টন, যা বাংলাদেশের মোট চাহিদার অর্ধেক। কিন্তু কলগুলোতে উৎপাদন হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টন। অন্যান্য সমস্যার সমাধান না করে শুধু পুর্জি-ব্যবস্থা ডিজিটাল করা হলেই আশানুরূপ উৎপাদন বাড়বে না।এ প্রসঙ্গে করপোরেশনের বক্তব্য হলো, ডিজিটাল পুর্জি-ব্যবস্থা চিনিশিল্পের উৎপাদন বৃদ্ধিতে নেওয়া অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি। আখ মাড়াইয়ের জন্য উপযুক্ত হতে ১৪ মাস সময় লাগে, এই সময়ে কৃষকেরা তিনটি ফসল তুলতে পারেন। তাই আখ চাষে উৎসাহ হারিয়েছেন অনেক কৃষক। করপোরেশন আখ চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের এখন আখের সঙ্গে সাথি ফসল করার পরামর্শ দিচ্ছে, পর্যাপ্ত ঋণ যথা সময়ে পৌঁছানো হচ্ছে। গত বছর উৎপাদন করা হয়েছিল ৬২ হাজার ২৫ টন, এ বছর এক লাখ ২৫ হাজার টন চিনি উৎপাদন হবে বলে করপোরেশন আশা করছে।