কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্তত ১৫ জন শিক্ষককে মুঠোফোন ও খুদেবার্তার মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে এই হুমকি দেওয়া হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ হওয়া দুই ছাত্রের উদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা ধর্মঘট তৃতীয় দিনের মতো আজ ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল রাত ও আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহের আলীসহ ১৫ জন শিক্ষককে মুঠোফোনে ফোন করে এবং খুদেবার্তার মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এ সময় মোবাইলের অন্য প্রান্ত থেকে শিক্ষকদের অকথ্য ও অশালীন ভাষায় গালি-গালাজও করা হয়।একটি বাংলালিংক নম্বর থেকে কোনো কোনো শিক্ষককে খুদেবার্তার মাধ্যমে ক্লাসে না আসার জন্য বলা হয়। আবার কয়েকজন শিক্ষককে সিটিসেলের একটি নম্বর থেকে সরাসরি ফোন করে হুমকি দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহের আলী জানান।প্রক্টর আরও জানান, একজন শিক্ষক তাঁর কাছে লিখিত এবং অন্য শিক্ষকেরা মৌখিক অভিযোগ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মসলেম উদ্দিন কুষ্টিয়ার পুলিশ ও র্যাবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের তৃতীয় দিনে আজ ক্যাম্পাসে কিছু বিভাগে ক্লাস অনুষ্ঠিত হলেও অনেক বিভাগেই ক্লাস হয়নি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের ব্যানারে গত রোববার থেকে এই ধর্মঘট ডাকা হয়। ধর্মঘটের কারণে আজ ছয়টি বিভাগে পূর্বনির্ধারিত পরীক্ষা ছিল। এর মধ্যে ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষ, রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষ, অর্থনীতি বিভাগের মাস্টার্স এবং ব্যবস্থাপনা বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে ফলিত পদার্থ ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে।