মুঠোফোনে ফুয়াদের গান
ভালোবাসা দিবস উপলক্ষে ফুয়াদের গান শোনা যাবে মুঠোফোনে গ্রামীণফোনের মিউজিক রেডিও ৪০৪০ নম্বরে ডায়াল করে। আর তা ওয়েলকাম টিউন হিসেবেও ব্যবহার করা যাবে। গ্রামীণফোনের হেড অব মার্কেট কমিউনিকেশনস সাজিদ রিজওয়ান মতিন জানান, এরই মধ্যে ফুয়াদের নিজস্ব প্রতিষ্ঠান হিট ফ্যাক্টরির সঙ্গে তাঁদের একটি চুক্তি হয়েছে। গতকাল শনিবার থেকেই শ্রোতারা মুঠোফোনে গানগুলো শুনতে পারছেন, পাশাপাশি অন্যকে পাঠাতেও পারছেন। হিট ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফুয়াদের স্ত্রী মায়া আল মুক্তাদির জানান, এর আগেও ফুয়াদের গান মুঠোফোনে শ্রোতারা শুনেছেন। কিন্তু এবারই প্রথম ফুয়াদ নিজেই তাঁর গান কোনো মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে দিয়েছেন। প্রথম দিকে পাঁচটি গান শ্রোতারা শুনতে পাবেন। এর মধ্যে ‘ফ্রেন্ডশিপ নেভার ডাইজ’ (জোয়াদ), ‘একটাই আমার তুমি’ (ফুয়াদ) এবং ‘যদি বলি’ (তাহমিদ) একেবারেই নতুন। এগুলো পরবর্তী সময়ে ফুয়াদের মিক্সড অ্যালবামে পাওয়া যাবে। এ ছাড়া ‘স্বাধীন’ (শুভ) ও ‘যা পাখি’ (মালা) গান দুটি অ্যালবাম আকারে বেরিয়েছে। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ।ফুয়াদ বললেন, ‘এই গানগুলো ভালোবাসা দিবস উপলক্ষে শ্রোতাদের প্রতি আমার উপহার।’