মুঠোফোনে বাড়ির কাজ!
অল্পবয়সী শিক্ষার্থী যদি তার মা-বাবার কাছে গিয়ে মুঠোফোনে বাড়ির কাজ করার কথা বলে, তাহলে তাঁদের অবাক হওয়ারই কথা। তবে জরিপের ফল বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রে এক-তৃতীয়াংশ শিশু-কিশোর স্মার্টফোন ব্যবহার করে তাদের বাড়ির কাজ করছে।গতকাল বুধবার এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়।এক হাজার স্কুলগামী শিশু-কিশোরের ওপর এই জরিপ পরিচালনা করা হয়েছে। জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে আফ্রিকান বংশোদ্ভূত বা শ্বেতাঙ্গদের চেয়ে হিস্পানিক শিশু ও কিশোর শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোনে বাড়ির কাজ করার প্রবণতা বেশি। ১১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মধ্যে ৩৯ শতাংশ তাদের বাড়ির কাজ করতে স্মার্টফোন ব্যবহার করে। এ প্রসঙ্গে গবেষণাপ্রতিষ্ঠান টিআরইউর পরিচালক ক্রিস্টি সারমিনতো বলেন, শিশুরা এখন প্রযুক্তির সঙ্গে বেড়ে উঠছে। নিছক বিনোদন নয়, বাড়ির কাজ করতেও তারা মুঠোফোন ব্যবহার করছে।