মুঠোফোনে বিয়ে, স্বপ্নভঙ্গ ও একটি সালিস
মা-বাবা অনেক স্বপ্ন নিয়ে সৌদিপ্রবাসী এক ছেলের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে বিয়ে দেন মেয়েকে। স্বামী বিদেশ থেকে কয়েক দিনের জন্য দেশে এসে মেয়েটিকে শ্বশুরবাড়ি তুলে নেন। কিন্তু কয়েক দিন না যেতেই স্বামী তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। মেয়েটিকে অপবাদ দিয়ে তাঁর স্ত্রী হিসেবে অস্বীকার করতে থাকেন। এ নিয়ে গ্রামের মাতবররা বসেন সালিসে। মেয়েটির জীবনে নেমে আসে এক অন্ধকার অধ্যায়।মেয়েটির কান্না দেখে হতবিহ্বল না হয়ে থাকা যায় না। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থায় ১৭-১৮ বছর বয়সের একটি মেয়ে দোহার থেকে এসেছিলেন মা-বাবাকে সঙ্গে নিয়ে। তাঁর ঘটনা জানতে পারি আইন শাখা থেকে। প্রায় এক বছর আগে বিয়ে হয়েছে পার্শ্ববর্তী গ্রামের সৌদিপ্রবাসী এক যুবকের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে। বিয়ের কিছুদিন পর ছেলেটি দেশে আসেন। মেয়েটি বউ সেজে যান শ্বশুরবাড়িতে। স্বামীর সঙ্গে কয়েকটা দিন তাঁর স্বপ্নের মতোই কেটে যায়। তবে একে প্রকৃতপক্ষে সংসার করা বলা যায় না। শাশুড়ির পরামর্শ ছিল, মেয়েটি যেন সব সময় সচেতন থাকেন তাঁর স্বামীকে খুশি করার বিষয়ে। আর তাঁর স্বামী তাঁকে বুঝিয়েছেন, তাঁর রূপ-গুণের প্রয়োজন নেই, সে যেন শুধু তাঁর শ্বশুর-শাশুড়িকে খুশি করতে চেষ্টা করেন। এত উপদেশবাণী মেয়েটি তাঁর মনের ভেতর গেঁথে নিয়ে আপ্রাণ চেষ্টা করে যান দুই কূল রক্ষা করতে। কিন্তু শেষ পর্যন্ত তাঁর এই স্বামী ও শ্বশুরবাড়ির প্রতি আনুগত্যেও কোনো মর্যাদা পেলেন না। একদিন মেয়েটি স্বামীসহ বাবার বাড়িতে বেড়াতে যান। বাবার বাড়িতে যাওয়ার পর সেখানে তাঁকে অপেক্ষা করতে বলে স্বামীটি সেই যে চলে এসেছেন আর ফিরে যাননি। দুই-তিন দিন পর মেয়েটি জানতে পারেন যে তাঁর স্বামী আবার সৌদি আরব চলে গেছেন। মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যাওয়ার সময় তাঁকে বলেও গেল না স্বামী? তাঁর স্বামী বিদেশে যাবেন, এটাও তিনি জানতেন না। কী এমন ঘটনা ঘটল যে স্বামী তাঁকে ফেলে রেখে চলে গেলেন? তিনি তো কারও মনঃক্ষুণ্নের কারণ হননি। বাবার বাড়িতে দিন কাটতে থাকে তাঁর। শ্বশুরবাড়িতে যোগাযোগ করে যেতে চাইলে ওখান থেকে পান না কোনো সদুত্তর। বেশ কয়েক দিন পর শ্বশুরবাড়ি থেকে জানানো হয় যে তাঁদের ছেলে এই মেয়েকে নিয়ে সংসার করবে না। এ কথা শুনে পাগলের মতো হয়ে যান মেয়েটি। উপায় না দেখে মেয়েটি এই সংস্থায় আসেন। মুঠোফোনে সংস্থার মাধ্যমে ছেলেটির সঙ্গে কথা বলার সুযোগ হলে জিজ্ঞেস করলাম কেন তিনি মেয়েটির সঙ্গে এমন আচরণ করলেন? তিনি জানান, মেয়েটি চরিত্রহীন। উপরন্তু তাঁর মা তাঁর পছন্দের গুরুত্ব না দিয়েই ফোনের মাধ্যমে এই মেয়ের সঙ্গে তাঁকে বিয়ে দিয়েছেন। তাই মেয়েটিকে না জানিয়ে তিনি চলে গেছেন। যে মেয়েটির সম্পর্কে সব খোঁজখবর নিয়ে শাশুড়ি পছন্দ করে তাঁর ছেলের বউ হিসেবে ঘরে নিয়ে এলেন, সেই শাশুড়ির বক্তব্য ছিল এমন যে ‘ছেলে যদি বউ পছন্দ না করে তাহলে আমার কী করার আছে?’মেয়ের মা-বাবা ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। অবশ্য চোখের সামনে মেয়ের এমন দশায় কী করবেন অসহায় মা-বাবা বুঝতে পারছিলেন না। তাঁদের জিজ্ঞেস করলাম, কেন এভাবে না জেনে মুঠোফোনে বিয়ে দিতে আপনারা সম্মত হলেন? বিয়ে দিয়ে মেয়েটার জীবনটা এলোমেলো করে দিলেন? এর সদুত্তর তাঁরা দিতে পারেননি। মেয়েটি বারবার বলতে থাকেন, যেকোনো মূল্যে তিনি ফিরে যেতে চান তাঁর শ্বশুরবাড়িতে। মেয়েটির বিশ্বাস, তাঁর স্বামী ফিরে এসে তাঁকে বউ হিসেবে মেনে নেবেই। তাঁর এই বিশ্বাস সত্য হবে কি না এই নিশ্চয়তা কি আমরা কেউ দিতে পারি? এ কথা ভাবতে ভাবতেই চলে আসি সংস্থাটি থেকে ওই দিনের মতো।পরে খোঁজ নিয়ে জানতে পারি সংস্থা থেকে মেয়েটির শাশুড়িকে এক মাসের সময় দেওয়া হয় এই শর্তে যে, তিনি তাঁর ছেলের সঙ্গে শেষবারের মতো কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন মেয়েটির সঙ্গে তাঁর ছেলে সংসার করবে কি না। এক মাস পর যথারীতি ছেলের মা জানালেন, তাঁর ছেলে কোনোভাবেই এই মেয়ের সঙ্গে সংসার করবেন না। অতএব, মেয়েটির যা দেনা-পাওনা আছে তাঁকে দিয়ে তাঁরা এই সমস্যার সমাধান করতে চান।তাঁদের এই সিদ্ধান্ত জানার পর মেয়েটির শেষ ভরসাটুকু যেন হারিয়ে গেল। মানবাধিকার সংস্থা তো মেয়েটির জীবনের ক্ষতি টাকা দিয়ে পূরণ করতে পারবে না, কিন্তু তিনি যেন তাঁর প্রাপ্য পাওনা পান সেই চেষ্টাই শুধু করতে পারবে। অর্থাৎ তাঁর কাবিননামায় উল্লিখিত দেনমোহরের টাকা, তাঁর ভরণপোষণ ও ইদ্দতকালীন খোরপোশের টাকা। কিন্তু এখানে সমস্যা হলো কোনো কাবিন করা হয়নি। মৌখিকভাবে দেনমোহরের টাকা নির্ধারণ করা হয়েছিল। সংস্থা থেকে ছেলেপক্ষকে সময় দেওয়া হলো, তারা এই টাকা কীভাবে পরিশোধ করবে সে বিষয়ে জানানোর জন্য। সংস্থার আইন শাখার প্রধান আইনজীবী সারা তানজিনার সঙ্গে কথা হয় এ ঘটনাটির বিষয়ে। তিনি যে তথ্য দিলেন তা শোনা যাক তাঁর জবানিতেই—‘আমরা চিঠির উত্তর পাওয়ার পর জানতে পারলাম, মেয়েটির গ্রামের মাতবরেরা সালিস বসিয়েছেন এই বিষয়ে সমাধানের জন্য। সেখানে মেয়েটির জন্য ছেলের পরিবার থেকে তাঁরা টাকা আদায় করে দিতে পারবেন বলে জানিয়েছেন। তাহলে আমাদের দিয়ে তাদের কী উপকার হলো? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে মনে হয়েছে, আমরা যারা এ ধরনের কাজ করে থাকি, তারা গ্রামের কিছু মুষ্টিমেয় মাতবরের কাছে জিম্মি হয়ে গেছি।’প্রায় মাস খানেক পরে সংস্থা থেকে জানা গেল, তাঁরা মাতবরদের সালিস উপেক্ষা করেই অনেক চেষ্টা-তদবির আর বাধা-বিপত্তি অতিক্রম করে তাঁর প্রাপ্য টাকা আদায় করতে পেরেছেন। মেয়েটিকে তালাক দেওয়া হয়েছে দুই পক্ষের সমঝোতায়। মেয়েটির পরিবার মান-সম্মানের ভয়ে আর আইনের আশ্রয় নেয়নি।এ সম্পর্কে আইনজীবী সারা তানজিনা বলেন,‘মা-বাবারা কেন প্রতিষ্ঠিত ছেলে পেলেই কোনো কিছু খোঁজখবর না নিয়েই টেলিফোনে বিয়ে দিতে রাজি হন? আর এ ভুলের শিকার হন তাঁদের মেয়ে।’একটি মেয়ে আর দশটা মেয়ের মতোই তাঁর ভবিষ্যৎ জীবন নিয়ে স্বপ্ন দেখেন। এভাবে যদি টেলিফোনে বা মুঠোফোনে বিয়ে দেওয়া হয় ছেলে সম্পর্কে খোঁজখবর না নিয়েই, তাহলে এই অসহায় মেয়েটির মতো অনেককেই এই বয়সে মুখোমুখি হতে হয় কঠিন বাস্তবতার। এর জন্য কি মা-বাবা ও মেয়ের অভিভাবকেরা একটু হলেও দায়ী নন?পাদটীকা: টেলিফোনে বিয়ের বৈধতাটেলিফোনের মাধ্যমে বিয়ে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে বিধিবদ্ধ আইন মেনে তা সম্পন্ন করতে হবে। টেলিফোনে বিয়ের শর্ত হলো, একজন উকিল ও দুজন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষী নিযুক্ত করতে হবে। আর উকিল নিযুক্ত করার ব্যাপারেও দুজন সাক্ষী নিযুক্ত করা যেতে পারে, যাতে উকিল পরবর্তী সময়ে এই বিয়ের ব্যাপারে অস্বীকার না করতে পারেন। মুসলিম আইনে বিয়ে হচ্ছে একটি দেওয়ানি চুক্তি। কোনো রকম অনুষ্ঠান পালন ছাড়াই একটি বিয়ে অনুষ্ঠিত হতে পারে। তবে একটি মুসলিম বিয়েতে যে শর্ত পালন করতে হয়, সেই শর্ত পালন করতে হবে টেলিফোনের বিয়েতেও।এক পক্ষকে বিয়ের প্রস্তাব করতে হবে এবং অন্য পক্ষকে কবুল বা গ্রহণ করতে হবে। প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কসম্পন্ন কমপক্ষে দুজন সাক্ষী থাকতে হবে। সাক্ষী দুজনই পুরুষ অথবা একজন পুরুষ ও দুজন মহিলা হতে হবে।বিয়ের সময় উচ্চারিত শব্দাবলি অবশ্যই স্পষ্ট ও দ্ব্যর্থহীন হতে হবে। বিয়ের উভয় পক্ষকে অবশ্যই সুস্থ মস্তিষ্কসম্পন্ন ও প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রস্তাব ও এর গ্রহণ একই বৈঠকে উচ্চারিত হতে হবে। তবে টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠিত বিয়ে অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। যদি টেলিফোনে অনুষ্ঠিত বিয়ে রেজিস্ট্রি করা না হয়, তবে বিয়ের কোনো দলিল বা কাবিননামা থাকে না। ফলে দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিলে স্ত্রী আইনি অধিকার লাভ থেকে বঞ্চিত হতে পারেন। আদালতে এ ধরনের বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যেভাবেই বিয়ে সম্পন্ন হোক, বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।কাবিননামা বিয়ের সত্যতা প্রমাণ করে। টেলিফোনে বিয়ে হলেও বিয়ের কাবিননামা উল্লেখ করতে হবে। কাবিনের ১৮ নম্বর ঘরে মেয়ের স্বেচ্ছায় স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্বামী বা স্ত্রী বিদেশে থাকলে কীভাবে বিয়ের রেজিস্ট্রি হবে? সে ক্ষেত্রে প্রথমে যে দেশে বসবাস করছেন, সেই দেশে বাংলাদেশের দূতাবাসে একটি হলফনামা দিতে পারেন। আর স্বামী বা স্ত্রী দেশে আসার পর বিয়ের কাবিননামা সম্পন্ন করে রেজিস্ট্রি করে নিতে পারেন। তবে বিশেষজ্ঞদের মতে, টেলিফোনে বিয়ের ক্ষেত্রে অনেক ঝুঁকি রয়েছে। ভবিষ্যতে কোনো কারণে আইনি প্রতিকার পেতে হলে জটিলতা তৈরি হয়।ভারতে বিতর্ক: পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক এবং ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার টেলিফোনে বিয়ে নিয়ে ভারতে বিতর্ক হয়েছে। বিবিসি এবং ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় টেলিফোনে মুসলিম বিয়ে নিয়ে ইসলামি চিন্তাবিদদের মিশ্র ব্যাখ্যা প্রকাশ করেছে। ১০ এপ্রিল ২০১০-এ বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক আইনবিদ গ্যাব্রিয়েল সয়ামা বলেন, টেলিফোনে বিয়ে এমনকি ইন্টারনেটে বিয়েও বৈধ। কারণ এখানে মুসলিম বিয়ের সব শর্ত পূরণ করা হয়। তিনি বলেন, এখানে বিয়ের প্রস্তাব, সাক্ষী ও দেনমোহর ধার্য থাকতে হবে। অন্যদিকে ভারতের হায়দরাবাদের প্রধান কাজি মো.খাদের আলী টাইমস অব ইন্ডিয়াকে বলেন টেলিফোনে বিয়ে বৈধ নয়। কারণ বিয়ের স্থানে উভয় পক্ষের সাক্ষীদের উপস্থিতি থাকে না এবং বর-কনে ও সাক্ষী কেউই বিয়ের চুক্তিতে স্বাক্ষর দেন না। তবে ভারতের অল ইন্ডিয়া মুসলিম পারসনাল ল বোর্ড টেলিফোনে বিয়েকে বৈধ বলে ঘোষণা দিয়েছে। [email protected]