মুঠোফোনে মাইলসের ১৬টি গান
‘সেভ দ্য বেস্ট অব মি’ শিরোনামের নতুন একটি ইংরেজি গানসহ মাইলসের ১৬টি গান পাওয়া যাচ্ছে গ্রামীণফোনে। এখন গ্রামীণফোনের গ্রাহকেরা ওয়েলকাম টিউন, ফুল ট্র্যাক ডাউনলোড, মিউজিক রেডিওর (৪০৪০) মতো ভ্যালু অ্যাডেড সার্ভিসের মাধ্যমে গানগুলো উপভোগ করতে পারবেন। মাইলসের নতুন এই ১৬টি গান নিয়ে বৃহস্পতিবার গ্রামীণফোন ‘প্রাউস’ নামের একটি প্যাকেজ চালু করেছে। গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো এক বছর এই সেবা অব্যাহত থাকবে।মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য শাফিন আহমেদ বলেন, ‘১৬টির মধ্যে মাইলসের খুব পরিচিত ১০টি গান থাকছে। এর মধ্যে আছে তিনটি আনপ্লাগড স্টুডিও ভার্সন। এগুলো হলো চাঁদ-তারা, নীলা ও হূদয়হীনা। এ ছাড়া থাকছে সদ্য মুঠোফোনে প্রকাশিত হওয়া প্রতিচ্ছবি অ্যালবামের চাই না, জানিয়ে দাও, অশান্ত মন, এসো না ও প্রিয়তমা মেঘ গানগুলো। আছে ইংরেজি গান সেভ দ্য বেস্ট অব মি।’শাফিন আহমেদ আরও বলেন, ‘ডিজিটাল রাইট ম্যানেজমেন্টের মাধ্যমে মাইলসের সবগুলো গান গ্রামীণফোন মিউজিক প্ল্যাটফর্মে সুরক্ষিত থাকবে। এতে পাইরেসি অনেকাংশে রোধ করা সম্ভব হবে।’গ্রামীণফোনের হেড অব মার্কেটিং কমিউনিকেশনস সাজিদ রিজওয়ান মতিন বলেন, ‘এটি গ্রামীণফোনের একটি চলমান প্রক্রিয়া। আমাদের সেবার মাধ্যমে ডিজিটাল অ্যালবাম প্রকাশের ফলে গ্রাহকেরা তাঁদের প্রিয় শিল্পীর এবং শিল্পীরা ভক্তদের আরও কাছে আসতে পারছেন।’গত রমজান মাসে মাইলস তাদের নতুন অ্যালবামের পাঁচটি গান গ্রামীণফোনের মাধ্যমে প্রকাশ করে।