মুঠোফোনে হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানি বিশেষ করে ইভ টিজিং নিয়ে আজকাল অনেক কথাবার্তা হচ্ছে। বিভিন্ন সভায়, সেমিনারে, টেলিভিশনের টক শোতে, বিভিন্ন জায়গায়। যখনই কোনো কিশোরী বা যুবতী টিজিংয়ের কারণে আত্মহত্যার পথ বেছে নেয়, তখন কয়েক দিন বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে। এরপর আবার স্তিমিত হয়ে যায়। সরকারের তরফ থেকে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে এ বিষয়ে, যেমন—মেয়েদের স্কুল-কলেজের সামনে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে, একটি হেল্প লাইনও খোলা হয়েছে। তবে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তো থেকেই যায়। এসব পদক্ষেপের কিছু ফলাফল যদি জনগণের সামনে তুলে ধরা হতো তাহলে হয়তো বিপথগামী তরুণেরা এ পথে যেতে উদ্বুদ্ধ হতো না। টিজিংয়ের পাশাপাশি মেয়েদের জন্য এখন আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মুঠোফোনে যৌন হয়রানি। টিজিংয়ের শিকার হয় সাধারণত কিশোরী বা তরুণীরা। কিন্তু মুঠোফোনের মাধ্যমে হয়রানি হচ্ছে সব বয়সের মেয়ে এবং মহিলারা। ফোনের অপর পাশ থেকে একটা মেয়ের কণ্ঠস্বর শুনলেই হলো, তার বয়স কত হতে পারে এ নিয়ে হয়রানকারীর কোনো মাথাব্যথা নেই, শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলা আর যখন তখন মিসকল দেওয়া। বেশ কয়েক মাস থেকে আমি নিজে এ হয়রানির শিকার। একটি বেসরকারি সংস্থায় আমি ঊর্ধ্বতন ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছি। এখানে আমরা মেয়েদের অধিকার, জেন্ডার, যৌন হয়রানি ইত্যাদি অর্থাৎ বিভিন্ন সামাজিক ইস্যু সম্পর্কে সবাইকে সচেতন করার চেষ্টা করি। অথচ আমি বুঝতে পারছি না এই মুঠোফোনের হয়রানি থেকে আমি কীভাবে মুক্তি পাব। প্রথম অবস্থায় কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি, যেমন—যারা এসব ফোন করে তাদের বোঝাতে চেষ্টা করেছি, যেসব ফোন থেকে এই কল এবং মেসেজ আসত সেগুলোকে ব্লক করেছি, র‌্যাবের কাছে লিখিত কমপ্লেইন করেছি কিন্তু সমাধান হয়নি, এরপর সিম চেঞ্জ করেছি। এরপর নতুন সিম নিয়ে কিছুদিন ভালোই ছিলাম কিন্তু মাস যেতে না যেতেই আবার একই অবস্থা। বিভিন্ন নম্বর থেকে ফোন আসে, কতগুলো নম্বর ব্লক করব। একবার ভাবি, অচেনা নম্বর দেখলে ফোন রিসিভ করব না, কিন্তু যেহেতু চাকরি করি, তাও তো সম্ভব নয়। অথচ দিন দিন হয়রানির পরিমাণও বেড়ে যাচ্ছে, হয়তো গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে আছি, কল এল; অসুস্থ শ্বশুরকে নিয়ে ক্লিনিকে গেছি, কল এল; মধ্যরাতে ঘুমিয়ে আছি, কল এল। ফোন রিসিভ করলে আপত্তিজনক কথাবার্তা, কেটে দিলে অনবরত মিসকল এবং বিভিন্ন নম্বর থেকে। এ যে কী অসহ্য এক মানসিক যন্ত্রণা, তা বুঝিয়ে বলা যাবে না। প্রথমে ভেবেছিলাম ব্যাপারটি বুঝি শুধু আমার সঙ্গেই ঘটছে, কিন্তু যখন স্বজনদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেছি তখন দেখি প্রায় প্রতিটি মেয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে, এমনকি আমার মায়ের ক্ষেত্রেও তাই। এরপর অফিসে সহকর্মীদের সঙ্গে আলাপ করে দেখি তাদের অভিজ্ঞতাও একই। কোনো কোনো ক্ষেত্রে সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে ভুল বোঝাবুঝিও হচ্ছে। মুঠোফোনের মতো একটি প্রয়োজনীয় জিনিস, যা আমাদের দেশের যোগাযোগের ক্ষেত্রকে নতুন মাত্রা দিয়েছে, কিছু লোক তার অপব্যবহার করে আমাদের জীবনকে করে তুলছে দুর্বিষহ। বিষয়টিকে এখনই গুরুত্বের সঙ্গে দেখা খুবই জরুরি। মুঠোফোন কোম্পানিগুলোর কাছে এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি অনুরোধ থাকবে, এমন একটি ব্যবস্থা বের করুন, যাতে করে মুঠোফোনে যারা হয়রানি করবে তাদের সহজেই চিহ্নিত করা যায় এবং খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা যায়।রাশিদা পারভীনউন্নয়নকর্মী।