মুঠোফোনে ১০ সেকেন্ড পালস বাধ্যতামূলক
মুঠোফোনের কলে সব ধরনের প্যাকেজে ১০ সেকেন্ড পালস রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ১৫ আগস্টের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি চূড়ান্ত করে গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, সিটিসেল এবং টেলিটক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের পরিচালকের সই করা চিঠিতে বলা হয়েছে, ‘মোবাইল ফোনের গ্রাহকেরা কল করার পর নেটওয়ার্কের ক্রটি বা অন্য কোনো কারিগরি কারণে কল ড্রপ হয় এবং পুনঃসংযোগে প্রতিবারই এক মিনিট বা পূর্ণ পালসের অর্থ পরিশোধ করতে হয়। অর্থাৎ অনেক সময় গ্রাহকদের একটি কলের জন্য একাধিক সংযোগ পেতে চেষ্টা করতে হয় এবং প্রতিবারই নির্ধারিত এক মিনিটের কিংবা পূর্ণ পালসের ফি দিতে হচ্ছে। ফলে গ্রাহকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ছাড়া অনেকে সংক্ষিপ্ত কথোপকথনে অভ্যস্ত। এ ক্ষেত্রে অতিরিক্ত সময়ের ফি নেওয়া বাস্তবসম্মত নয়।’ নোটিশে নির্দেশনাটি ১৫ আগস্ট থেকে কার্যকর করতেও অপারেটরদের বলা হয়েছে।বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, প্যাকেজ নির্বিশেষে ১০ সেকেন্ডে পালস নির্ধারণের বিষয়টি কমিশনে পাস করার পর তা অপারেটরদের জানিয়ে দেওয়া হয়েছে। জিয়া আহমেদ জানান, বেশির ভাগ অপারেটরের ক্ষেত্রেই কল কেটে যাওয়ার সমস্যা রয়েছে। গ্রাহকেরা অনেক সময় কয়েক সেকেন্ড কথা বললেও পুরো মিনিটের টাকা দিচ্ছে। এসব দিক বিবেচনা করেই গ্রাহকদের সুবিধার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। দেশে বর্তমানে পাঁচটি জিএসএম ও একটি সিডিএমএ অপারেটর সেবা দিচ্ছে। বিটিআরসির হিসাব অনুযায়ী বর্তমানে প্রায় নয় কোটির বেশি লোক মুঠোফোন ব্যবহার করছেন।