মুঠোফোনে ‘পড়শী টু’
বাংলাদেশে প্রথম মুঠোফোনে অ্যালবাম প্রকাশ করেন হাবিব ওয়াহিদ। অগ্রজ শিল্পীদের দেখানো পথে এবার হাঁটলেন নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী পড়শীও। মুঠোফোনে মুক্তি পেয়েছে তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘পড়শী টু’। ভালোবাসা দিবস উপলক্ষে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শ্রোতারা অ্যালবামটি সিডি আকারে পাবেন।গত শুক্রবার থেকে গ্রামীণফোনের গ্রাহকেরা মুঠোফোন থেকে ৪৮৭৮ নম্বরে ডায়াল করে শুনতে পারছেন পড়শীর নতুন অ্যালবামের পাঁচটি গান। গানগুলোর শিরোনাম হচ্ছে— একা একা, অনুশোচনা, প্রণয়, খুঁজে খুঁজে এবং এ কেমন ভালোবাসা। পড়শী বলেন, অ্যালবামের প্রচারণার জন্য এবং পাইরেসি রোধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।পড়শী টু অ্যালবামে গান আছে ১০টি। দুটি গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও জুয়েল মোর্শেদ। চারটি গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। অন্য গানগুলোর কথা লিখেছেন রাসেল ওনীল, জাহিদ আকবর ও মিথিলা ইবরার। সুর ও সংগীতায়োজনে ইবরার টিপু, বাপ্পা মজুমদার, আরফিন রুমি, সন্ধি ও সাজিদ সরকার।পড়শী আরও বলেন, ‘আমার প্রথম অ্যালবামটি শ্রোতারা পছন্দ করেছেন। ফলে এই অ্যালবামে ভালো করার দায়িত্বটা বেড়ে গেছে। অ্যালবামটির একটি গানের চমত্কার ভিডিও তৈরি করেছি। বান্দরবানের নীলগিরিতে চার দিন ধরে এর শুটিং করা হয়েছে।’‘পড়শী টু’ অ্যালবামটি বাজারে আনছে জি-সিরিজ। প্রতিষ্ঠানটির কর্ণধার নাজমুল হক ভূইয়া বলেন, ‘আমরা বেশ কয়েক মাস ধরে কোনো অ্যালবাম মুক্তির আগে মুঠোফোনে প্রকাশ করছি। এটিও তারই একটি প্রক্রিয়া। এটা আসলে অ্যালবামের এক ধরনের প্রচারণা। এখানে ৮ বিট ৮ কিলোহার্জ এ শ্রোতারা শুধুমাত্র গানটি শুনতে পারবেন। কোনো ধরনের ডাউনলোড করতে পারবেন না।’উল্লেখ্য, পড়শীর প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়েছিল ২০১০ সালে রোজার ঈদে। অ্যালবামের ‘লজ্জা’, ‘তোমারই পরশ’, ‘মেঘলা দুপুর’ গানগুলো এখনো বেশ জনপ্রিয়।