মুঠোফোনের জন্য ভাগনেকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে মুঠোফোনের জন্য ভাগনেকে খুন করেছেন মামা। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, এ ঘটনায় মামা ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সে ভাগনেকে খুন করার কথা স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, গত মঙ্গলবার ভোরে প্রবাসী আবদুর রহিমের ছেলে তরুণ মুঠোফোন নিয়ে বাড়ির বাইরে যায়। এ সময় একই বাড়ির বাসিন্দা তরুণের মামা ফজলুর রহমান বাইরে বের হয়। ফজলুর রহমান ভাগনে তরুণের কাছ থেকে মুঠোফোন কেড়ে নেয়। পরে সে তরুণকে বাড়ির পাশের পুকুরে ডুবিয়ে মেরে ফেলে। এ ঘটনার পরে তরুণের বাড়ির লোকেরা তাকে খুঁজতে থাকে। ফজলুর রহমান বাড়ির লোকদের বলে, পুকুরের পানিতে তরুণকে খুঁজে পাওয়া যাবে। পরে সে নিজেই পুকুর থেকে তরুণের লাশ তোলে। ফজলুর রহমান বাড়ির লোকদের বলে, জিন তরুণকে মেরে ফেলেছে। পরে তার আচরণে নিহত তরুণের মা নূরজাহানের সন্দেহ হয়। আজ বৃহস্পতিবার তিনি পুলিশে খবর দেন। সোনাইমুড়ি থানার ওসি হুমায়ূন কবির ঘটনাস্থলে যান। তিনি সোহেলকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে সোহেল ভাগনেকে খুন করার কথা স্বীকার করেছে বলে হুমায়ূন কবির জানান। নিহত তরুণের লাশ ময়নাতদন্ত করা হবে বলে তিনি জানান।