১৮ বছরের নিচে কারও কাছে মুঠোফোনের সংযোগ (সিম) বিক্রি করা যাবে না। তবে অভিভাবকের অনুমতিপত্র সাপেক্ষে ১৮ বছরের কম বয়সীদের কাছে সংযোগ বিক্রি করা যাবে। এ ছাড়া সংযোগগ্রহীতাকে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। এই পরিচয়পত্র নির্বাচন কমিশন কর্তৃক সত্যায়িত হলেই কেবল ক্রেতা সংযোগ পাবেন। সম্প্রতি দেশজুড়ে মুঠোফোনে হুমকি, চাঁদাবাজি ও সন্ত্রাস ঠেকাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া সুপারিশের ভিত্তিতে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত টানা তিন ঘণ্টার এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, ওয়ারিদের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, সভায় নতুন মুঠোফোনের সংযোগ কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে। একই সঙ্গে ক্রেতার ব্যাংকের হিসাব খোলা ও এতে একজন শনাক্তকারীর নাম-পরিচয়ও বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধনহীন সংযোগ বিক্রি করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় ওই সভায়। ইতিমধ্যে দুই লাখ নিবন্ধনহীন সংযোগ বন্ধ করা হয়েছে বলে সভায় জানানো হয়। সভায় মুঠোফোন পরিচালকদের (অপারেটর) নিবন্ধনহীন সংযোগ দ্রুত বন্ধ বা নিবন্ধনের ব্যবস্থা নিতে বলা হয়। পাশাপাশি যত্রতত্র মুঠোফোন সংযোগ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সংযোগ বিক্রি করতে হলে দোকানদারকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিক্রেতার ক্ষেত্রে পুলিশি যাচাই-বাছাইয়ের প্রতিবেদন প্রয়োজন হবে। পুলিশি প্রতিবেদন সন্তোষজনক হলেই কেবল অপারেটররা কাউকে পরিবেশক হিসেবে নিয়োগ দিতে পারবে বলে সভায় সিদ্ধান্ত হয়। নিবন্ধনবিহীন সংযোগ বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিচালক দায়ী হবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, নিবন্ধনবিহীন সংযোগ বিক্রি করলে সংযোগপ্রতি ১০ মার্কিন ডলার জরিমানা করার বিধান রয়েছে। তবে এই আইনটি বর্তমানে সংশোধনের অপেক্ষায় আছে। যেখানে ৩০০ কোটি টাকা জরিমানা ও শাস্তির বিধান আরও কঠোর করা হচ্ছে। প্রসঙ্গত, জরুরি অবস্থায় ২০০৭ সালের ১৬ আগস্ট থেকে পুনর্নিবন্ধন শুরু করে মুঠোফোন পরিচালকরা। সে সময়ে বিটিআরসির নির্দেশে দেশের সব মুঠোফোন গ্রাহকের তথ্য নথিবদ্ধ করতে তখন দুই মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। পরে পরিচালকদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও চার দফা সময় বাড়ানো হয়। সে হিসেবে নিবন্ধনের শেষ সময় ছিল ২০০৮ সালের ৩১ মে। ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারির আগে কেনা সব ধরনের মুঠোফোনের সংযোগ ছিল এই পুনর্নিবন্ধনের আওতায়। অন্যদিকে দেশের ষষ্ঠ মুঠোফোন পরিচালনা প্রতিষ্ঠান ওয়ারিদ ২০০৭ সালের ১০ মে থেকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় পুনর্নিবন্ধনের আওতায় পড়েনি। তাদের বিক্রীত সব সংযোগ নিবন্ধন করেই গ্রাহকের হাতে দেওয়া হয়েছে বলে দাবি করেছিল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এসব সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নে মুঠোফোন পরিচালকদের প্রতিনিধিদের নিয়ে তৈরি একটি কমিটি কাজ করবে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর একটি কমিটি মুঠোফোন পরিচালনাকারীদের কমিটির কাজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে। এসব সিদ্ধান্তের পরেও কোনো ধরনের মুঠোফোন-সন্ত্রাস হলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট মুঠোফোন পরিচালকদের অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।