মুডিস বাংলাদেশকে বিএ৩ সভরেইন রেটিং দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুডিস ইনভেস্টরস সার্ভিসের কাছ থেকে এ প্রথমবারের মতো সভরেইন রেটিং পেল। মুডিস বলে, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা তার ঋণপ্রাপ্তির যোগ্যতা বৃদ্ধি করবে।মুডিস বাংলাদেশকে বিএ৩ রেটিং দিয়েছে। এদিক থেকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশ ফিলিপাইনের সমকক্ষতা অর্জন করেছে। বিএ২ রেটিং নিয়ে ভারত বাংলাদেশের চেয়ে সামান্য এগিয়ে আছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে তিন ধাপ পিছিয়ে রয়েছে পাকিস্তান।এই রেটিংয়ের মাধ্যমে মুডিস জানাল, বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলে টেকসই সামষ্টিক অর্থনীতির একটি উদাহরণ। স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি, অতিরিক্ত বাণিজ্যিক ঋণ না থাকা ও অন্যান্য দেশের সঙ্গে ব্যালেন্স অব পেমেন্টে সুবিধাজনক অবস্থানে থাকা এই রেটিং অর্জন করার অন্যতম তিনটি কারণ।মুডিস ইনভেস্টরসের বাংলাদেশ শাখার প্রধান অনিন্দ্য মিত্র বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে রক্ষণশীল সরকারি নিয়ন্ত্রণ ও বেসরকারি খাতের পুঁজির বিকাশ মিলিতভাবে অর্থনীতিকে গতিময় করেছে। এ কারণে অনেক উন্নয়নশীল দেশের চেয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা ও বৈদেশিক ঋণ পরিশোধের হার ভালো। এর ফলে দেশটি গত এক যুগ ধরেই তার গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় শতাংশে ধরে রেখেছে।’ তিনি আরও বলেন, গার্মেন্টস খাতের বিকাশ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঊর্ধ্বগতিও বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে নিয়ে গেছে। মুডিসের এই রেটিং প্রকাশিত হওয়ার এক সপ্তাহ আগে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস বাংলাদেশকে বিবি সভরেইন ক্রেডিট রেটিং দেয়। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গবেষণায় ভালো অবস্থান অর্জন করার প্রতিক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘সুষ্ঠু অর্থ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যিক ঋণ না থাকা, বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঊর্ধ্বগতির কারণেই বাংলাদেশের এ সাফল্য।’