মুদ্রা, মানব ও মাদক পাচার বন্ধে সহযোগিতা বাড়াবে ঢাকা ও ব্যাংকক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদ্রা পাচার রোধের পাশাপাশি মানব ও মাদক পাচার বন্ধে সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ড। ব্যাংককে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে থাই পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরিয়োমার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল বুধবার ওই বৈঠক করেন। জানা গেছে, থাই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে তাঁর দেশের সহযোগিতার বিষয়ে আগ্রহ দেখান। এ ছাড়া পিরিয়োমা বৈঠকে জানান, বাংলাদেশের ওষুধশিল্পে থাইল্যান্ড যৌথ বিনিয়োগে আগ্রহী। পাশাপাশি থাইল্যান্ডের হাসপাতালগুলোর চাহিদা মেটাতে ওষুধ রপ্তানির সুযোগ কাজে লাগাতে তিনি দীপু মনিকে অনুরোধ করেন। বৈঠকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ পণ্য আমদানির জন্য থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানানোর পাশাপাশি পর্যটন খাতে থাইল্যান্ডের যে অভিজ্ঞতা রয়েছে তার আলোকে বাংলাদেশকে এ খাতে সহযোগিতার জন্য থাইল্যান্ডের সহায়তা চেয়েছেন দীপু মনি।বৈঠকে এশিয়া ও ইউরোপের জোটের (আসেম) সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতা বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। এ ছাড়াও বিমসটেকসহ বিভিন্ন আঞ্চলিক ও বহুপক্ষীয় জোটে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে তারা সম্মত হয়েছেন বলে জানা গেছে।