মুদ্রা জালিয়াত চক্রের শেকড় করাচিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি-বিদেশি জাল মুদ্রা তৈরি ও বাজারজাতকারী চক্রগুলোর বেশির ভাগই পরিচালিত হয় পাকিস্তানের করাচি থেকে। সেখান থেকে জাল মুদ্রা এনে বাংলাদেশ ও ভারতে বাজারজাত করছে সংঘবদ্ধ চক্রগুলো। এ চক্রগুলোর সঙ্গে ধর্মভিত্তিক একাধিক গোপন জঙ্গি সংগঠনও জড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ঢাকায় জঙ্গিদের এমন একটি চক্র ধরাও পড়েছে। অভিযোগ রয়েছে, পাকিস্তানের একটি সামরিক গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এমন বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র এ দেশে সক্রিয় রয়েছে। এ দেশে এসব চক্রের তদারকিও করেন পাকিস্তানি নাগরিকেরা।গত কয়েক বছরে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়া মুদ্রা জালিয়াত চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদ, আদালতে দেওয়া স্বীকারোক্তি ও গোয়েন্দা অনুসন্ধানে এ সংক্রান্ত নানা তথ্য বেরিয়ে এসেছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশে এসব চক্রের প্রধান হিসেবে একজনের নাম পেয়েছেন গোয়েন্দারা। ‘মজুমদার’ ছদ্মনামধারী এই ব্যক্তি মূলত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, এ দেশের বিভিন্ন চক্রের নেতা ও এ কাজে জড়িত জঙ্গিদের মধ্যে সমন্বয়কারী। ২০০৮ সালে নিষিদ্ধ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জাল মুদ্রা বাজারজাতকারীদের একটি দলকে ধরার পর মজুমদারের নাম প্রথম জানা যায়। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এসব চক্রের তিন পাকিস্তানি নাগরিকসহ সাতজনকে সম্প্রতি গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকও ধারণা করেন, এসব মুদ্রার একটি অংশ লস্করে তাইয়েবাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের পেছনে ব্যয় হয়।এ ছাড়া পাকিস্তানকেন্দ্রিক জাল মুদ্রার আরেকটি চক্রের নেতা মাহতাবকে (ঢাকার চানখাঁরপুলে বাসা) গোয়েন্দা পুলিশ খুঁজছে। একই চক্রের তাঁর ছোট ভাই আফতাব ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। গোয়েন্দা সূত্র জানায়, এর আগে এসব চক্রের বড় নেতা ছিলেন সরফরাজ। তিনি ভারতে জাল মুদ্রা বাজারজাতের ক্ষেত্রে অন্যতম বড় নিয়ন্ত্রক ছিলেন। তিনি ২০০৮ সালের ১৯ ডিসেম্বর কলকাতায় গ্রেপ্তার হন। পাকিস্তানি নাগরিক সরফরাজ থাকতেন ঢাকার কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটিতে নিজস্ব অ্যাপার্টমেন্টে। বিয়ে করেছেন বাংলাদেশে। অবশ্য তাঁর স্ত্রী লতিফা বেগমের দাবি, তাঁর স্বামীর থান কাপড়ের ব্যবসা। তাঁরা পাকিস্তান ও ভারত থেকে কাপড় আমদানি করতেন।ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চক্রগুলোর পাকিস্তানভিত্তিক যে যোগাযোগ, ওই দেশের শক্তিশালী কোনো মহলের সহযোগিতা ছাড়া দীর্ঘদিন ধরে এভাবে তত্পরতা চালানো অসম্ভব।এ সব চক্রগুলোর সঙ্গে পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ত থাকার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, তদন্তে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যেভাবে পাকিস্তান থেকে মুদ্রা আসছে: পুলিশের জিজ্ঞাসাবাদে সম্প্রতি গ্রেপ্তার হওয়া তিন পাকিস্তানি জানান, পাকিস্তানের করাচিতে জাল মুদ্রা ছাপানো হয়। আকাশপথে এসব মুদ্রা এ দেশে আনতে নারীদেরও ব্যবহার করা হচ্ছে। রুবিনা হোসাইন নামের এমন এক পাকিস্তানি নারীকে গোয়েন্দা পুলিশ গত ২৮ ডিসেম্বর ঢাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে।ডিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে রুবিনা স্বীকার করেন, পাকিস্তানের করাচি থেকে বিশেষ কায়দায় প্যাকেট করা জাল ভারতীয় মুদ্রা এ দেশে নিয়ে আসতেন। তাঁর ভিসা, বিমানের টিকিট, হোটেল বুকিং থেকে শুরু করে ভ্রমণের সব করে দেন চক্রের নেতারা। একই ভাবে ঢাকায় আসার পর আরেকটি চক্র সেসব লাগেজ খালাস করে হোটেলে পৌঁছে দেয়। আর হোটেলে তাঁর কক্ষ থেকে অন্যরা এসে মুদ্রা নিয়ে যায়। প্রতি চালানে তিনি দুই কোটি রুপি করে নিয়ে আসতেন।উপকমিশনার মনিরুল ইসলাম জানান, পাকিস্তান থেকে ঢাকা পর্যন্ত জাল মুদ্রা বহনকারী আরও সাত-আটজন পাকিস্তানি নারীর নাম পেয়েছেন তাঁরা। সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানায়, পাকিস্তান থেকে মুদ্রার চালান ঢাকায় এনে কার কাছে, কীভাবে পৌঁছানো হবে এবং এরপর এসব চালান কীভাবে সীমান্তবর্তী এলাকায় যাবে, কোন কাজে কখন কাকে নিযুক্ত করা হবে—এসব তদারক করতেন মো. দানিশ। তাঁর বাড়ি পাকিস্তানের লাহোরে। তিনি ঢাকার রামপুরা বাজারে বাংলাদেশি স্ত্রী ফাতিমাকে নিয়ে থাকতেন। স্ত্রীও একই চক্রের সদস্য। সাব্বির আলী নামের আরেক পাকিস্তানিসহ এই দম্পতিকে গত ১৮ জানুয়ারি রাজধানীর মৌচাক এলাকা থেকে ১০ লাখ জাল ভারতীয় রুপিসহ ডিবি গ্রেপ্তার করে। তিনজনই ২২ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের তথ্যমতে ২১ জানুয়ারি রাজধানীর রায়েরবাগ থেকে জাল ৫০ হাজার ভারতীয় রুপিসহ জাহিদ হাসান (৫২) নামের আরেক পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়।কাপড়ের ব্যবসার আড়ালে: ঢাকার গাউছিয়া মার্কেটের কয়েকজন কাপড় ব্যবসায়ী এ চক্রের সঙ্গে জড়িত বলে ডিবির তদন্তে বেরিয়ে এসেছে। এর মধ্যে আবদুল মান্নান নামের একজনকে ইতিপূর্বে র্যাব গ্রেপ্তার করে। তবে তাঁর ভাই গাউছিয়ার আরেক কাপড়ের ব্যবসায়ী আবদুল হান্নান পাকিস্তানকেন্দ্রিক একটি মুদ্রা জালিয়াত চক্রের নেতা। তিনি পাকিস্তান ও ভারত থেকে তৈরি পোশাক আমদানির নামে এ কাজে যুক্ত বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি পলাতক। এ ছাড়া গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিক সাব্বিরও কাপড়ের ব্যবসার আড়ালে ঢাকায় বসে জাল মুদ্রা বাজারজাত তদারক করতেন। জড়িত জঙ্গিরাও: সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনও ভারতীয় জাল মুদ্রা বাজারজাতে যুক্ত রয়েছে। হরকাতুল জিহাদ (হুজি) এতে যুক্ত থাকার কথা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি ফরিদপুরের মুরসালিন ও মুত্তাকিন ২০০৬ সালে ভারতে গ্রেপ্তারের পর নয়াদিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। সম্প্রতি বাংলাদেশের গোয়েন্দাদের হাতে আসা এই যমজ জঙ্গিদের জবানবন্দিতে দেখা যায়, মুরসালিন ও মুত্তাকিন বলেছেন, সংগঠনের সিদ্ধান্তে ২০০৪ সালে তাঁরা দুজন ও হুজি নেতা মুফতি আহসান উল্লাহ জাল ভারতীয় মুদ্রা বাজারজাতে যুক্ত হন। তাঁদের জাল মুদ্রা সরবরাহ করতেন বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন। প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, জেএমবি এ চক্রে যুক্ত হয় কয়েক বছর আগে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা টের পেয়েছেন ২০০৮ সালের ২৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ থেকে জেএমবির শুরা সদস্য রফিকুল ইসলাম ওরফে জোবায়েরকে গ্রেপ্তারের পর। এরপর রফিককে সঙ্গে নিয়ে পুলিশ ওই বছরের ২৯ অক্টোবর ঢাকার মেরাদিয়া ও পল্লবীতে অভিযান চালিয়ে জেএমবির জঙ্গি আনাছ উদ্দিন ও আসলাম খানকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে বেশ কিছু জাল মার্কিন ও ভারতীয় মুদ্রা, বাংলাদেশি জাল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রফিকসহ পরে ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া দুই জঙ্গি জিজ্ঞাসাবাদে জানান, জেএমবির একটি অংশ মুদ্রা জাল ও বাজারজাতে যুক্ত। জাল ভারতীয় মুদ্রা সীমান্তবর্তী ভারতীয় অংশে বাজারজাত করার জন্য জেএমবির কিছু কর্মীকে নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রফিকদের গ্রুপ জাল মুদ্রা ব্যবসায় আয় থেকে প্রতি মাসে সংগঠনের কেন্দ্রীয় তহবিলে ৫০ হাজার টাকা দিত। তাঁরা মনে করেন, শত্রুর ক্ষতি করে এভাবে অর্জিত টাকা ‘জিহাদ’ ও সংগঠনের কাজে খরচ করা জায়েজ।এ সংক্রান্ত মামলার নথিতে দেখা যায়, ওই বছরের ৬ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো প্রতিবেদনে বলা হয়, ‘উক্ত জাল মুদ্রাগুলি বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির অর্থ সংগ্রহের জন্য তৈরি করা হয় মর্মে তথ্য পাওয়া গেছে। আসামিদের এরূপ কার্যকলাপ রাষ্ট্রীয় নিরাপত্তা তথা দেশের প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতি হুমকিস্বরূপ।’ একই ঘটনায় দুই দিন পর আদালতে দেওয়া আরেক পুলিশ প্রতিবেদনে বলা হয়, ‘উক্ত জাল রুপি ও ডলার থেকে প্রাপ্ত অর্থ দ্বারা বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিকে পরিচালনা করার বিষয়ে ব্যাপক তথ্য পাওয়া গেছে।...তারা শক্তিশালী নেটওয়ার্কের সদস্য।’গত বছরের ২০ ফেব্রুয়ারি গাজীপুরের টঙ্গীতে জেএমবির কথিত কমান্ডার মামুনুর রশিদের কাছ থেকে পুলিশ ২৫ হাজার রুপি ভারতীয় জাল মুদ্রা উদ্ধার করে।গত বছরের ৬ জানুয়ারি রাজধানীর উত্তরা থেকে জাল মুদ্রাসহ মোবাশ্বের শাহীদ নামের এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। মোবাশ্বের মূলত পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে এ দেশে তত্পরতা চালাতেন বলে অভিযোগ আছে।প্রশিক্ষণ পাকিস্তানে: সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকায় গ্রেপ্তার জেএমবির চার জঙ্গি জিজ্ঞাসাবাদে জানান, জেএমবির কিছু সদস্য সংগঠনের মাধ্যমে পাকিস্তান গিয়ে মুদ্রা জাল করার প্রশিক্ষণ নেন এবং এ সংক্রান্ত প্রযুক্তি ও সরঞ্জাম নিয়ে আসেন।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জঙ্গিদের বাইরেও পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকে এ দেশেও জাল মুদ্রা ছাপাচ্ছে। এ ক্ষেত্রে তারা ভারতীয় রুপির পাশাপাশি বাংলাদেশি মুদ্রা, রাজস্ব স্ট্যাম্প এবং মার্কিন ডলারও জাল করছে। এমন অনেকে বিভিন্ন সময়ে ধরাও পড়েছে র্যাব ও পুলিশের হাতে। ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভারতীয় জাল মুদ্রা পাচারকারীদের মধ্যে সাত-আটটি দল ঢাকায় সক্রিয় রয়েছে। এসব চক্রে ৫০ জনের মতো সদস্য রয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।