মুদ্রা জালিয়াত মজুমদার জামিন নিয়ে পালিয়েছে!
পাকিস্তানকেন্দ্রিক মুদ্রা জালিয়াতচক্রের অন্যতম প্রধান নিয়ন্ত্রক সোলায়মান মজুমদার (৩৩) ও তাঁর সহযোগী আবদুল মান্নান হাওলাদার (৪২) ধরা পড়ার পাঁচ সপ্তাহের মাথায় জামিনে ছাড়া পেয়েছেন। পুলিশ এখন এ দুজনকে আবার গ্রেপ্তারের চেষ্টা করছে। গত ১৭ ও ১৮ মার্চ যথাক্রমে মজুমদার ও তাঁর সহযোগী আবদুল মান্নান জামিনে বের হন। মজুমদার পাকিস্তান থেকে জাল মুদ্রা এনে বিভিন্ন চক্রের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে বাজারজাত করেন বলে পুলিশ তথ্য পেয়েছে। অভিযোগ রয়েছে, পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থার হয়ে মজুমদার এ দেশে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও হরকাতুল জিহাদের (হুজি) মতো জঙ্গি সংগঠনকেও ভারতীয় জাল মুদ্রার কারবারে সম্পৃক্ত করেছেন। গত কয়েক বছরে বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার হওয়া জাল মুদ্রার কারবারিদের কাছ থেকে উভয় দেশের গোয়েন্দারা এমন তথ্য পেয়েছে। ২০০৮ সাল থেকে দেশের একাধিক গোয়েন্দা সংস্থা মজুমদারকে খুঁজছিল, কিন্তু তাঁর নাম-পরিচয়সহ শনাক্ত করতে না পারায় ধরতে পারেনি। পরে মুদ্রা জালিয়াতচক্রের সদস্য কয়েকজন পাকিস্তানি নাগরিক ধরা পড়লে মজুমদার সম্পর্কে বিস্তারিত তথ্য পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা গত ১০ ফেব্রুয়ারি রাতে প্রথমে ভারতীয় জাল মুদ্রাসহ আবদুল মান্নানকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যমতে, পর দিন বিকেলে গুলশান এলাকায় অভিযান চালিয়ে সোলায়মান ওরফে মজুমদারকে গ্রেপ্তার করা হয়। মজুমদার ও মান্নানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শাহবাগ থানায় মামলা করা হয়। মজুমদারের বাড়ি কুমিল্লা সদরের (দক্ষিণ) ধামাইতরী গ্রামে। গ্রেপ্তারের পর ডিবির সংবাদ ব্রিফিংয়ে বলা হয়েছিল, মজুমদারের সঙ্গে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি জঙ্গি তাজউদ্দিনের যোগাযোগ ছিল এবং তিনি জঙ্গিদের জাল মুদ্রা সরবরাহ করতেন। মজুমদার সম্পর্কে ওয়াকিবহাল এক কর্মকর্তা বলেন, তাঁকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করলে মুদ্রা জালিয়াতকারীচক্রের পাশাপাশি, জঙ্গিবাদের অর্থায়নের অন্তত একটি সূত্র পরিষ্কারভাবে উদ্ঘাটন করা যেত।মজুমদার সম্পর্কে অস্পষ্ট ধারণা, কার্যকর জিজ্ঞাসাবাদ হয়নি: মান্নান ও মজুমদারকে গ্রেপ্তারে নেতৃত্বদানকারী ডিবির সহকারী কমিশনার এসএম রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, মামলার পর মজুমদারকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের তিন দিনের মধ্যে দুই দিনই তিনি অসুস্থ ছিলেন। এক দিন হাসপাতালে ভর্তি ছিলেন। তাই তাঁকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা যায়নি। তিনি এও বলেন, মজুমদার ভয়ানক ধূর্ত। কোনো কিছু জিজ্ঞাসার উদ্যোগ নেওয়া হলেই তিনি বুকে হাত দিয়ে কোঁকাতে শুরু করতেন। সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, তখন পুলিশ সপ্তাহের কারণে সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা ব্যস্ত ছিলেন। ফলে মজুমদারের জিজ্ঞাসাবাদের ব্যাপারে পর্যাপ্ত তদারকিরও অভাব ছিল। মামলাটির তদন্ত কর্মকর্তা পরিদর্শক ফজলুল হক প্রথম আলোকে জানান, তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছিল, এর মধ্যেই আদালত থেকে জামিন নিয়ে তাঁরা বেরিয়ে গা-ঢাকা দিয়েছেন।অন্য একটি গোয়েন্দা সূত্র জানায়, মজুমদারকে গ্রেপ্তারের জন্য তারা দুই বছর ধরে তৎপরতা চালিয়েছিল। তখন তাদের কাছে তথ্য আসে, মজুমদারের সঙ্গে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের অনেক প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ আছে। এমনকি গ্রেপ্তারের পর মজুমদারের লোকজন সরকারের একজন প্রভাবশালী প্রতিমন্ত্রীর শরণাপন্ন হয়েছিল বলে গোয়েন্দা সংস্থাটির কাছে তথ্য রয়েছে। গত ১ এপ্রিল মুদ্রা জালকারীচক্রের আরেক বড় নেতা শফিক মাহমুদ ওরফে প্রফেসর সেলিমকে গ্রেপ্তারের পর মজুমদারের বিষয়টি আবার সামনে আসে। তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে সেলিম জানিয়েছেন, এ দেশে পাকিস্তানভিত্তিক জাল মুদ্রার কারবারে সোলায়মান মজুমদার অন্যতম উদ্যোক্তা। সেলিম জাল মুদ্রা বিপণন ও সম্পর্ক বৃদ্ধির কাজ করতেন। অস্ত্র বিক্রেতা ও জেএমবিচক্রের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল। তাঁর কাছ থেকে জাল মুদ্রার পাশপাশি উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল। কর্মকর্তারা জানান, মজুমদার ছাড়াও এর আগে গ্রেপ্তার হওয়া পাকিস্তানের নাগরিক মোহাম্মদ দানিশ ও সাব্বির আলী, ভারতের রুবিনা হোসেন একই চক্রের সদস্য। এই চক্রের পাকিস্তানি সদস্যরা পাকিস্তানে বসে ভারতের মুদ্রা (রুপি) জাল করে মজুমদারের নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে পাঠাত। বিমানবন্দর থেকে সীমান্ত পর্যন্ত নেটওয়ার্ক: সহকারী কমিশনার রফিকুল ইসলাম জালিয়াতচক্রের কাজের ধরন সম্পর্কে বলেন, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকাসহ সবগুলো বড় শহর এবং সীমান্ত এলাকায় এসব চক্রের শক্ত নেটওয়ার্ক আছে। বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কাজ হলো মুদ্রাগুলো নিরাপদে বিমানবন্দর থেকে শহরের নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছানো। আর সেই ব্যক্তির কাজ হলো দেশের ভেতরের চাহিদা অনুযায়ী মুদ্রা রেখে, বাকি মুদ্রাগুলো সীমান্তে চালান করে দেওয়া। তিনি বলেন, এই চক্রের মধ্যে আবার বিমানবন্দরের লোকেরা, মাঝখানে বিপণনের দায়িত্বে থাকা লোকদের চেনেন না। বিপণনের লোকেরা সীমান্তের লোকদের চেনেন না। পুরো চক্রটি কেন্দ্রীয়ভাবে চালানো হয়। ডিবি কর্মকর্তারা আরও জানান, সীমান্তে এ মুদ্রার বিনিময়ে নিষিদ্ধ ফেনসিডিল, চোরাই গরু, কাপড় ইত্যাদিও আনা হয়। জাল মুদ্রার পাশাপাশি তাঁরা একই সঙ্গে অস্ত্র ব্যবসায়ও জড়িত। তাঁদের সঙ্গে আবার এক শ্রেণীর কাপড় ও নিষিদ্ধ ওষুধের ব্যবসায়ীরাও আছেন। তবে কর্মকর্তারা স্বীকার করেছেন, মুদ্রা জালিয়াতচক্রগুলোর লেনদেনের ধরন বা লেনদেন-প্রক্রিয়া সম্পর্কে বিচ্ছিন্নভাবে এসব তথ্য পাওয়া গেলেও, এ সম্পর্কে গোয়েন্দাদের হাতে এখনো পরিষ্কার তথ্য নেই। জঙ্গিবাদীদের সঙ্গে এরা কীভাবে সম্পৃক্ত, কীভাবে এদের লেনদেন চলে সে সম্পর্কেও গোয়েন্দা পুলিশের কাছে পরিষ্কার তথ্য নেই। মজুমদার এ জট খোলার ক্ষেত্রে বড় সূত্র হতে পারেন। তাই এখন পুলিশ তাঁকে আবার ধরার চেষ্টা করছে।