মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে আইন সংশোধন করা হবে
মুদ্রা পাচার রোধে বিদ্যমান মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।এ ছাড়া মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স (এমএলএ) আইন নামে আরও একটি নতুন আইন প্রণয়ন করার কথাও জানান তিনি। আজ রোববার সচিবালয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গঠিত জাতীয় সমন্বয় কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। অর্থমন্ত্রী বলেছেন, মুদ্রা পাচার রোধে বাংলাদেশ বর্তমানে কঠোর। তবে ভবিষ্যতে আরও কঠোর হতে যাচ্ছে। সে কারণেই আইন দুটি সংশোধনের দরকার পড়ছে। বৈঠকে অর্থসচিব মোহাম্মদ তারেক, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নাসির উদ্দিন আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মানি লন্ডারিংয়ের ব্যাপারে চাইলেই কোনো তথ্য পাওয়া যায় না। ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের গোপনীয়তা রক্ষারও একটি আইন রয়েছে। চুক্তি করে বিভিন্ন দেশ থেকে তথ্য আনতে হয়। গুটিকয় দেশের সঙ্গে এ চুক্তি রয়েছে। এমএলএ আইন থাকলে বাংলাদেশ এগমন্ড গ্রুপের সদস্য হতে পারবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তখন এগমন্ট গ্রুপের সদস্য সব দেশ থেকে সহজেই তথ্য পাওয়া যাবে। মুহিত জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনে দায়িত্ব পালন করবে অর্থ মন্ত্রণালয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে প্রধান করে এ জন্য একটি কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে কী কী ঝুঁকি রয়েছে তা খুঁজে বের করে দেবে দুর্নীতি দমন কমিশন। আর সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন সংশোধনের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।