মুদ্রাপাচার মামলায় সাকার আত্মসমর্পণের নির্দেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক মুদ্রাপাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে আট সপ্তাহের মধ্যে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে হাইকোর্টের দেওয়া নির্দেশের কার্যকারিতা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন। হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকার পক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা আজ মঙ্গলবার এ আদেশ দেন। হাইকোর্ট গত ১০ মে সাকা চৌধুরীকে আট সপ্তাহের মধ্যে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন। এ সময় পর্যন্ত এই মামলায় তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করতেও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন আদালত। উল্লেখ্য, ৬ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ধানমন্ডি থানায় সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করেন। এতে অভিযোগ করা হয়, তিনি ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর হংকং থেকে ব্রিটেনে আড়াই লাখ মার্কিন ডলার ও এক লাখ হংকং ডলার পাঠালেও দুদকের কাছে দেওয়া সম্পদ বিবরণীতে এ তথ্য গোপন করেছেন।