বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা বলেছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রণ করার দায়িত্ব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি), এটা কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকের নয়।নজরুল হুদা জানান, শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। এখনই তাদের ধারণ করা শেয়ার বিক্রি করতে কোনো বাধ্যবাধকতা রাখছে না কেন্দ্রীয় ব্যাংক।ডেপুটি গভর্নর বলেন, শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে সার্বিকভাবে বিধিবদ্ধ জমার নগদ অংশ বা সিআরআর বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে, কিন্তু এটা বিভ্রান্তিমূলক বক্তব্য। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় যাতে অতিরিক্ত মুদ্রা সরবরাহ নতুন করে মূল্যস্তর বাড়াতে না পারে, সে বিবেচনাতেই সিআরআর বাড়ানো হয়েছে। কিন্তু এসব সিদ্ধান্তের পর এখন বাজারে তারল্যের কোনো সংকট নেই।মুদ্রা (ঋণ) ও পুঁজিবাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন। এই বৈঠকের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা গতকাল সোমবার সাংবাদিকদের এসব তথ্য দেন। এ সময় অপর ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী মুদ্রাবাজারের বিভিন্ন দিক তুলে ধরেন।এর আগে বৈঠক শেষ করে এবিবির চেয়ারম্যান ও বেসরকারি সিটি ব্যাংকের শীর্ষ নির্বাহী কে মাহমুদ সাত্তার শেয়ারবাজার পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের শিথিল করা দুটি নীতির সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।মাহমুদ সাত্তার বলেন, শেয়ারবাজারে যে মূল্য সংশোধন এখন হচ্ছে, তার জন্য বাংলাদেশ ব্যাংককে দায়ী করা আদৌ সঠিক নয়। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা (ঋণ) বাজারের নিয়ন্ত্রক, পুঁজিবাজারের নয়। তা ছাড়া বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং খাত নিরাপদেই রয়েছে।এরপর অনুষ্ঠিত ব্রিফিংয়ে নজরুল হুদা আরও বলেন, সিআরআর বাড়ানোর কারণে যে পরিমাণ অর্থ মুদ্রাবাজার থেকে কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে জমা হয়েছে, তার তিন গুণ অর্থ পুনরায় বাজারে সহায়তা হিসেবে জোগান দেওয়া হয়েছে। ডেপুটি গভর্নর বলেন, আমানতকারীদের সঞ্চয় নিয়েই ব্যাংক ব্যবসা চলে। ব্যাংক কোম্পানি আইন অনুসারে সাম্প্রতিক সময়ে দেশের পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কিছু সিদ্ধান্তও নেয়। এর বাইরে শেয়ার ব্যবসার জন্য ব্যাংকগুলোকে সহযোগী কোম্পানি গঠন করতে বলা হয়। পৃথক কোম্পানি হওয়ায় সাধারণভাবে একক ঋণ গ্রহীতার ঋণসীমা বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের যে বিধিনিষেধ আছে, সেগুলো এ ক্ষেত্রেও প্রযোজ্য হয়। তিনি বলেন, কিছু ব্যাংক এই সীমা অতিক্রম করেছে। বর্তমানে শেয়ারবাজার পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক সে বিষয়ে নমনীয় থাকবে।নজরুল হুদা জানান, বিভিন্ন ধরনের ঋণ নিয়ে শেয়ারবাজারসহ ভিন্ন খাতে তা ব্যবহার করার তথ্য উঠে এসেছে। এগুলো কেন্দ্রীয় ব্যাংক সময় বেঁধে দিয়ে সমন্বয় করতে বলেছিল। এরই মধ্যে দুই দফা এই সময় বাড়ানোও হয়েছে। সর্বশেষ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এটা বাংলাদেশ ব্যাংক শিথিল করেছে। প্রতিটি ঋণের ক্ষেত্রে পৃথকভাবে এগুলোর সময়সীমা বিবেচনা করা হবে।শেয়ারবাজারের বর্তমান অবস্থার জন্য তারল্য-সংকট অনেকাংশে দায়ী—এসইসির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে নজরুল হদা বলেন, ‘আমরা কোনোভাবেই অভিযোগ-পাল্টা অভিযোগে (ব্লেইম গেমে) যাব না। কিছু মহল এসব বিভ্রান্তি ছড়াচ্ছে।’ তবে তিনি বলেন, পরিসংখ্যান বলছে, বাজারে বর্তমানে প্রচুর তারল্য রয়েছে। আজ মঙ্গলবার ৬০০ কোটি টাকার ট্রেজারি বন্ডের মেয়াদ পূর্তি হবে এবং ২০০ কোটি টাকার ট্রেজারি বন্ড বাংলাদেশ ব্যাংক বিক্রি করবে না। এগুলোও মুদ্রাবাজারে ঢুকবে।জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, ব্যাংকগুলোর প্রচুর নগদ অর্থ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তাদের হিসাবে জমা আছে। এই হিসাবে কোনো সুদও দেওয়া হয় না। তিনি জানান, ৫ জানুয়ারি ব্যাংকগুলোর ৩১১ কোটি ৭০ লাখ টাকা, ৬ জানুয়ারি ৪৬১ কোটি ২০ লাখ টাকা এবং ৯ জানুয়ারি ৯১৪ কোটি ৬০ লাখ টাকা এসব হিসাবে অলস পড়ে আছে।মাহমুদ সাত্তার বলেন, সার্বিকভাবে ব্যাংক খাতে তারল্য-সংকট নেই। কোনো কোনো ব্যাংক আমানতের তুলনায় বেশি ঋণ দিয়ে ফেলেছে। তারল্যের ওপর সাময়িক যে চাপ তৈরি হয়েছে, তার জন্য বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত সহযোগিতাও করছে।