মুদ্রার উল্টো পিঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন একটু গর্ব করেই এক বন্ধুকে বলছিলাম, বিশ্বকাপে বাংলাদেশের সব বড় জয়ই আমি প্রেসবক্সে বসে দেখেছি। ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে ছিলাম। ছিলাম ২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেন ও গায়ানাতেও।বন্ধুটি ক্রিকেটপাগল। ক্রিকেট ইতিহাসের খুঁটিনাটি মুখস্থ। পরিসংখ্যানও। ওর সঙ্গে দেখা হলেই তাই ক্রিকেট-জ্ঞানের একটা পরীক্ষা হয়ে যায়। সেই পরীক্ষার প্রশ্নপত্র বেশির ভাগ সময়ই খুব কঠিন হয়। কারণ ও অদ্ভুত সব প্রশ্ন করে। এ দিনই যেমন দেখা হতেই প্রশ্ন ছুড়ে দিল—বল্ তো, টেস্ট ক্রিকেটে ওপেনিং থেকে শুরু করে ষষ্ঠ উইকেট জুটি পর্যন্ত প্রতিটি পার্টনারশিপেই ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন হয়েছিল কোন দলের?আমাকে চুপ করে থাকতে দেখে ওর মুখে বিজয়ীর হাসি। ‘খুব তো ক্রিকেট-পণ্ডিত হয়েছিস! আর, এটাই পারলি না!’ প্রশ্নটার উত্তর আমি আসলেই জানি না। অনেক অনুরোধেও আমার বন্ধু উত্তরটা না বলায় আমার মনে ক্ষীণ সন্দেহ, ও-ও বোধ হয় জানে না। আসলে এমন কিছু হয়তো হয়ইনি, আমাকে বোকা বানাতে প্রশ্নটা বানিয়েছে ও।প্রশ্নের উত্তর দিতে না পেরে একটুক্ষণই চুপ ছিলাম। কিন্তু নর্দাম্পটন-পোর্ট অব স্পেন-গায়ানাতে ‘আমি বিজয় দেখেছি’ গর্বের জবাবে ও যা বলল, তাতে অনেকক্ষণ ‘তবদা’ হয়ে থাকলাম (যাঁরা ‘তবদা’ মানে বুঝেননি, তাঁদের বলি তবদা হলো হতভম্ব হয়ে পড়ার আঞ্চলিক রূপ)। শুরুটা ছিল নিরীহ-দর্শন একটা ফ্লাইটেড বলের মতো, ‘আচ্ছা, আচ্ছা, তুই তাহলে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের বড় তিনটা জয়ই কাভার করেছিস!’ আমি সগর্বে ‘হ্যাঁ, সেটাই তো বলছি’ বলার পরই ওই নিরীহ-দর্শন ফ্লাইটেড বল পিচ করে ফুট খানেক প্রায় আড়াআড়ি টার্ন করল, ‘শুধু নর্দাম্পটন-পোর্ট অব স্পেন-গায়ানার কথা বলছিস; তুই তো ডারবান, জোহানেসবার্গ, বারবাডোজেও ছিলি। সেটা বলছিস না কেন?’‘ডারবান’ বলতেই আমি ওর কথার মর্মার্থ অনুমান করে ফেলেছি। করেই অমন ‘তবদা’! ডারবান, জোহানেসবার্গ, বারবাডোজ অনেক ক্রিকেটীয় কীর্তির সাক্ষী। কিন্তু বাংলাদেশের কাছে এই তিনটি নাম হতাশা-বেদনা-লজ্জায় মাখামাখি এক অনুভূতি। ডারবানে কানাডার কাছে পরাজয় দিয়ে শুরু যে ২০০৩ বিশ্বকাপ, সেটির শেষ জোহানেসবার্গে কেনিয়ার কাছে হেরে। ‘বারবাডোজ-লজ্জা’ গত বিশ্বকাপে। প্রথম পর্বে ভারতকে বিদায় করেছে বাংলাদেশ, পাকিস্তানকে আয়ারল্যান্ড। সুপার এইটে দুই জায়ান্ট কিলারের ম্যাচ, তাতে আয়ারল্যান্ডের কাছে হেরে বাংলাদেশের মুখ চুন। ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের গৌরব তাতে মুছে যায়নি, তবে কালির ছিটে তো অবশ্যই পড়েছিল।বন্ধুর কথায় যুক্তিও আছে। বিশ্বকাপে বাংলাদেশের বড় তিনটি জয় দেখেছি বলে গর্ব করলে সবচেয়ে লজ্জার তিনটি পরাজয়ের সাক্ষী থাকার কথাও বলা উচিত। সেই দুঃস্মৃতির কথাই না হয় আজ বলি।একদিক থেকে কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ রেকর্ডে পুরোপুরি সাম্য। বাংলাদেশ তিনবার অঘটন ঘটিয়েছে। আবার নিজেরাও অঘটনের শিকার হয়েছে তিনবার। বাংলাদেশের সৃষ্ট তিন অঘটনের মধ্যে কোনটি সবচেয়ে বড়, এ নিয়ে তর্ক হতে পারে। তবে বাংলাদেশ যে তিনটি অঘটনের শিকার, তার মধ্যে কোনটি বড় এ নিয়ে তর্ক থাকার কথা নয়। অবশ্যই ২০০৩ বিশ্বকাপে কানাডার কাছে হার। পরিবেশ-পরিস্থিতি মিলিয়ে আমার সাংবাদিকতা জীবনেরও সবচেয়ে কষ্টের স্মৃতি হয়ে আছে ওই ম্যাচ। ম্যাচটি যে ছিল সত্যিকার অর্থেই ‘হরিষে বিষাদ’। জীবনে খুব কম ম্যাচই এমন ফুরফুরে মেজাজে কাভার করতে গিয়েছি। কোনো ম্যাচ থেকেই এমন মন খারাপ করে ফিরিনি। ফুরফুরে মেজাজের কারণ—খেলা দেখব, অথচ সেদিন লিখতে হবে না! কী আনন্দ! পর দিন ঈদ। পত্রিকা তিন দিন ছুটি। সেই ছুটি শেষ হতে হতে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচটিও হয়ে যাবে। কানাডার বিপক্ষে ম্যাচ আর কতটুকু জায়গা পাবে? পুরোনো নোটবুক বের করে দেখছি, প্রথম দিকে খুব একটা নোটই নিইনি। নোট-টোট যা আছে, তার বেশির ভাগই পরিস্থিতি অন্য রকম মনে হতে শুরু করার পর। জটাচুলের এক পানির কলের মিস্ত্রি ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিল বাংলাদেশকে। করিংডাম না কী যেন নাম! নামটা দেখে নিলেই হয়, কিন্তু ইচ্ছে করছে না। আসলে ওই ম্যাচটাই মনে করতে ইচ্ছে করে না। মনে করতে ইচ্ছে করে না অনেক আনন্দের ব্যাপারও। ওই ম্যাচের জন্য উঠেছিলাম ডারবানের সমুদ্র সৈকতের ঠিক পাশে এলাঙ্গেনি হোটেলে। টিমও সেখানেই ছিল। তের না চৌদ্দতলায় আমার রুমের সোফায় বসলে সামনের রাস্তাটা আড়াল হয়ে চোখে পড়ত শুধুই সাগর। যেন সাগরের ওপর বসে আছি! অথচ অপূর্ব সেই দৃশ্যও বিস্বাদ হয়ে গিয়েছিল বাংলাদেশের পরাজয়ে।ঈদের দিন সকালটা ছিল তার চেয়েও বিস্বাদ। আগের দিন পরাজয়, এ দিন সকালে বোর্ড কর্মকর্তাদের বকাঝকা শুনে ক্রিকেটাররা সব মাথা নিচু করে রওনা হয়ে গেলেন পিটারমারিজবার্গে। মনে আছে, আমি আর সেই বিশ্বকাপে আমার সফরসঙ্গী ডেইলি স্টার-এর আল-আমিন দলকে বিদায় দিয়ে হোটেলের সামনে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে ছিলাম।এই এত বছর পরও ওই পরাজয়ের স্মৃতিচারণা মনটাকে এমন ভারাক্রান্ত করে তুলল যে হূদয় খুঁড়ে আর বেদনা জাগাতে ইচ্ছে করছে না। কেনিয়া-আয়ারল্যান্ড আজ থাক। তা হলে কি বড় জয়ের একটিতে ফিরে যাব?সবচেয়ে বড় তো অবশ্যই পাকিস্তান। গত বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়েও চমক ছিল। তবে ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের মতো নয়। বাংলাদেশ তো তখনো জিম্বাবুয়েকেই হারাতে পারেনি। নর্দাম্পটনে সেই আনন্দধারায় পুরোপুরি ভেসে যেতে পারিনি বড় একটা যন্ত্রণায় পড়ায়। তত দিনে ইন্টারনেটের আগমন ঘটেছে, কিন্তু বাংলাদেশের সাংবাদিকেরা তখনো ফ্যাক্স যুগের বাসিন্দা। এই ফ্যাক্স লাইন পাওয়াটা প্রায়ই বড় ভাগ্যের ব্যাপার ছিল। এই ম্যাচের পর সেই ভাগ্যের সঙ্গে আড়ি। কিছুতেই লাইন পাই না। এমন দিনে পত্রিকায় লেখা পাঠাতে পারব না ভেবে আক্ষরিক অর্থেই কান্নাকাটির মতো অবস্থা! শেষপর্যন্ত বাধ্য হয়ে টেলিফোনে তিন-চারটা লেখা লাইন বাই লাইন পড়ে গেলাম, অফিসে কোনো এক সহকর্মী তা লিখে নিলেন।বাংলাদেশ জিতেছিল বলেই ওই কষ্টটাকে কষ্ট বলে মনে হয়নি। জয় যে সর্বকষ্টহরা এক বটিকা!