মুনতাসীর মামুনের সাক্ষ্যের ভিত্তিতে দণ্ড দেওয়া যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষ দাবি করেছে, এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুনের সাক্ষ্যের ওপর ভিত্তি করে গোলাম আযমকে কোনো দণ্ড দেওয়া যায় না।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম এ দাবি করেন। শারীরিক কারণে গোলাম আযমকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।যুক্তিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, জেরায় আসামিপক্ষের নানা প্রশ্নের জবাবে মুনতাসীর মামুন ২১৩ বার ‘আমার জানা নেই’, ‘বলতে পারব না’, ‘কাগজপত্র না দেখে বলতে পারব না’, ‘আমি এটা দেখার প্রয়োজন বোধ করিনি’—এ ধরনের কথা বলেছেন। পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো ১৯৭০ সালে পাকিস্তানে দুজন প্রধানমন্ত্রীর প্রস্তাব দেন, সেখানে তিনিও প্রার্থী ছিলেন কি না, এ প্রশ্নের জবাবে মুনতাসীর মামুন বলেছেন, তিনি বলতে পারবেন না।মিজানুল আরও কয়েকটি এ ধরনের প্রশ্নের উল্লেখ করে বলেন, এসব প্রশ্নের জবাবে ওই সাক্ষী বলেছেন, তিনি কাগজপত্র না দেখে বলতে পারবেন না। তিনি (মুনতাসীর মামুন) একজন স্বনামখ্যাত ঐতিহাসিক, তিনি মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেছেন, অথচ এসব মৌলিক প্রশ্নের জবাব দিতে পারেননি। তিনি বলেন, ‘যদি তাঁকে এসব প্রশ্নের উত্তর পড়ে বলতে হয়, তিনি কি শিক্ষা দেবেন তাঁর ছাত্রদের?’যুক্তি উপস্থাপনের একপর্যায়ে ট্রাইব্যুনালের প্রশ্নের জবাবে আসামিপক্ষের আইনজীবী বলেন, গোলাম আযম যে শান্তি কমিটির সদস্য ছিলেন, তা আসামিপক্ষ অস্বীকার করছে না। কিন্তু শান্তি কমিটির সদস্য হওয়া আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীনে কোনো অপরাধ নয়। ১৯৭২ সালের দালাল আইনের (বাতিলকৃত) অধীনে এটা অপরাধ ছিল।গত বছরের ১৩ মে গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের পাঁচটি অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সেদিন গোলাম আযমও বলেছিলেন, দালালদের তালিকায় তাঁর নাম ছিল। কিন্তু তিনি কখনো যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না।প্রসঙ্গত, ১৯৭২ সালে দালাল অধ্যাদেশ জারির পর পাকিস্তানি বাহিনীর এদেশীয় ৩৭ হাজার দালালকে আটক করা হয়। এর মধ্যে লঘু অপরাধ করা ২৬ হাজার দালালকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর দালাল আইন বাতিল করা হয়। এ সময় প্রায় ১১ হাজার দালাল কারাবন্দী ছিল।যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় বিকেলে মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।মোবারকের বিষয়ে আদেশ আজ: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হবে কি না—এ বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল-১। গতকাল এ বিষয়ে আদেশের দিন ধার্য থাকলেও ট্রাইব্যুনাল তা পুনর্নির্ধারণ করেন।