মুনাফার লোভে নিয়ম ভেঙে ৮ ব্যাংক শেয়ারবাজারে
শেয়ারবাজারে বিনিয়োগেই বেশি আগ্রহী হয়ে উঠেছে বেসরকারি খাতের বিভিন্ন ব্যাংক। শেয়ার কেনাবেচার মাধ্যমে মুনাফা বেশি বলে এ খাতেই বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছে তারা। আট ব্যাংকের বিরুদ্ধে ফুলে-ফেঁপে ওঠা বর্তমান শেয়ারবাজারের ফটকা খেলায় ঢুকে পড়ার অভিযোগ সবচেয়ে বেশি। তারা ব্যাংক কোম্পানি আইন না মেনেই শেয়ারবাজারে অর্থ বিনিয়োগ করেছে।বাংলাদেশ ব্যাংক একাধিকবার সতর্ক করার পরও ব্যাংকগুলো তাদের বিনিয়োগ নির্দিষ্ট সীমার মধ্যে নামিয়ে আনেনি। এ কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তিনটি ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক।বিষয়টি নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ)। আইএমএফ বলেছে, এ রকম পরিস্থিতিতে বাজারের পতন ঘটলে তা কোনো কোনো ব্যাংকের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তারা এখনই নিয়ন্ত্রণমূলক কর্মসূচি গ্রহণ করার পরামর্শ দিয়েছে।সম্প্রতি সংস্থাটি ‘বাংলাদেশ: আর্থিক খাতের স্থিতিশীলতা’ নামের একটি প্রতিবেদনে বলেছে, ক্রমেই প্রথাগত ব্যাংক-কার্যক্রমের বাইরে বাংলাদেশের ব্যাংকগুলো তাদের কর্মকাণ্ড ও সম্পৃক্ততা বাড়াচ্ছে, যা দেশের ব্যাংকিং খাতের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে। আইএমএফ বলেছে, সরাসরি অথবা সহযোগী মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকগুলো শেয়ারবাজারে তাদের সম্পৃক্ততা বাড়াচ্ছে। জানা গেছে, ব্যাংকগুলো একদিকে নিজস্ব তহবিলের অর্থ বিনিয়োগ করছে, পাশাপাশি গ্রাহকদেরও ঋণ দিচ্ছে বিনিয়োগ করার জন্য। আর এভাবে বিপুল পরিমাণ অর্থ শেয়ারবাজারে ঢুকে পড়ছে। যে আটটি ব্যাংক শেয়ারবাজারে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে, সেগুলো হলো—এবি ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক (এনবিএল), শাহজালাল ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসিবিএল), দি সিটি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।বড় বিনিয়োগে আট ব্যাংক: পৃথক ব্যাংক থেকে পাওয়া ৩১ ডিসেম্বর ২০০৯ ভিত্তিক তথ্যে দেখা যায়, এবি ব্যাংক সব মিলিয়ে (নিজস্ব তহবিল বা পত্রকোষ—পোর্টফলিও ও গ্রাহকের হিসাবে ঋণ) তার মোট মূলধনের ৪৫ দশমিক ১৭ শতাংশ অর্থ শেয়ারে বিনিয়োগ করেছে। এর পরিমাণ ৪৭৭ কোটি ২৯ লাখ টাকা। মূলধনের ৩১ দশমিক ৮৬ শতাংশ বা ৩৮৬ কোটি ৫৫ লাখ টাকা বিনিয়োগ করেছে প্রাইম ব্যাংক। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক মূলধনের ২৫ দশমিক ৬৯ শতাংশ অর্থাত্ ১০২ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেছে। মূলধনের ২৫ দশমিক ৪৮ শতাংশ অর্থ শেয়ারে খাটিয়েছে ন্যাশনাল ব্যাংক, টাকার অঙ্কে যা ২২৫ কোটি ২১ লাখ। শাহজালাল ইসলামী ব্যাংক তার মূলধনের ২৪ দশমিক ৯৯ শতাংশ বা ১৩৫ কোটি ৭২ লাখ টাকা শেয়ারে বিনিয়োগ করেছে। মূলধনের ২৩ দশমিক ৪৬ শতাংশ বা ১৫১ কোটি ৯৬ লাখ টাকা শেয়ারে খাটিয়েছে এনসিসিবিএল। দি সিটি ব্যাংক তার মূলধনের ১৪ দশমিক ৫১ শতাংশ অর্থ খাটিয়েছে শেয়ারবাজারে, যা টাকার অঙ্কে ৭৬ কোটি ৩২ লাখ। সবশেষে সাউথইস্ট ব্যাংক তার মূলধনের ১১ দশমিক ৪৭ শতাংশ বা ১০৭ কোটি বিনিয়োগ করেছে শেয়ারবাজারে। সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই আট ব্যাংকের শীর্ষ নির্বাহীদের আলাদাভাবে ডেকে নিয়ে ব্যাংক কোম্পানি আইনের সীমার মধ্যে বিনিয়োগ নামিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিনিয়োগে তাদের সতর্ক করা হয়েছে।অন্যদিকে যে তিনটি ব্যাংক বিধান লঙ্ঘন করার পর বিনিয়োগ কমিয়ে আবার বাড়িয়েছে, তাদের কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ ব্যাংক। এই তিনটি ব্যাংক হলো এবি ব্যাংক, প্রাইম ব্যাংক ও এনসিসিবিএল।ব্যাংকগুলোর সহনক্ষমতা: সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সংকটকালীন সহনক্ষমতা পরীক্ষা বা ‘স্ট্রেস টেস্টিং’ সম্পন্ন করেছে। ২০০৯ সালের জুন পর্যন্ত ব্যাংকগুলোর পাঠানো সাময়িক ও অনিরীক্ষিত তথ্য-উপাত্ত দিয়ে এই পরীক্ষা চালানো হয়।এই পরীক্ষায় কেন্দ্রীয় ব্যাংক দেখেছে, যদি শেয়ারের ৫০ শতাংশ দরের পতন ঘটে, তাহলে ব্যাংকগুলোর ক্ষতি হবে এক হাজার ৭২৫ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ক্ষতি হবে ২০৩ কোটি ছয় লাখ টাকা, বিশেষায়িত ব্যাংকগুলোর ১৩৫ কোটি ৫৮ লাখ টাকা, বেসরকারি ব্যাংকগুলোর এক হাজার ৩৭১ কোটি ১২ লাখ টাকা এবং বিদেশি ব্যাংকগুলোর ক্ষতি হবে ১৫ কোটি ৭০ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংক অবশ্য বলেছে, এতে দেশের সব ব্যাংক বা সামগ্রিকভাবে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হবে না। তবে সাতটি বেসরকারি ব্যাংকের সংরক্ষিত মূলধন ১০ শতাংশের নিচে নেমে আসবে। কেননা, শেয়ারবাজারে এসব ব্যাংকের বড় ধরনের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। রাজনৈতিক প্রভাব: জানা গেছে, শেয়ারবাজারে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত বছরের আগস্ট—সেপ্টেম্বর সময়ে তত্পর হয়েছিল। সে সময় ব্যাংকগুলোর বিনিয়োগের তথ্য চাওয়া হলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নেতারা নানাভাবে রাজনৈতিক প্রভাব বিস্তার করেন কেন্দ্রীয় ব্যাংকের ওপর। ফলে সে সময় চুপ হয়ে যায় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু ব্যাংকগুলো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বাড়িয়ে দেওয়ায় আবারও তত্পর হতে বাধ্য হয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিএসইর সভাপতি রকিবুর রহমান সে সময় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক করে সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশ ব্যাংক আশ্বাস দিয়েছে যে তারা শেয়ারবাজারে আর কোনো নজরদারি করবে না। তফসিলি ব্যাংকগুলোকে পোর্টফোলিও-সংক্রান্ত মাসিক প্রতিবেদন পাঠাতে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তাও কার্যকর হবে না। কোনো তথ্য প্রয়োজন হলে এসইসির মাধ্যমে তা সংগ্রহ করবে বাংলাদেশ ব্যাংক।নতুন করে কেন্দ্রীয় ব্যাংকের তত্পরতা বিষয়ে রকিবুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের আইনগত যে ক্ষমতা আছে, সেই অনুসারে যেকোনো তথ্যই তারা চাইতে পারে। এ বিষয়ে তার আর কোনো বক্তব্য নেই। মানছে না আইন: ব্যাংক কোম্পানি আইনের ২৬(২) ধারা অনুযায়ী, কোনো কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ বা ব্যাংকের আদায়কৃত ও সংরক্ষিত মূলধনের ৩০ শতাংশের মধ্যে যেটি কম তার বেশি টাকায় ওই কোম্পানির শেয়ার ধারণ করা যাবে না।কিন্তু বাংলাদেশ ব্যাংক গত আগস্টের হিসাবে দেখেছে, এবি ব্যাংক নিজস্ব বিনিয়োগ ও গ্রাহকের হিসাব মিলে ১৩টি কোম্পানির শেয়ার কিনতে আইনের বিধান মানেনি। এর মধ্যে সর্বোচ্চ পরিমাণ শেয়ার ধারণ করেছে এপেক্স এডেলকি ফুটওয়্যারের। এই কোম্পানির পরিশোধিত মূলধনের তুলনায় ৪২০ শতাংশের (শেয়ারের দাম বেশি হওয়ায় পরিশোধিত মূলধনের চেয়ে বেশি হয়েছে) বেশি মূল্যমানের শেয়ার ধারণ করেছে ব্যাংকটি।প্রাইম ব্যাংক ছয় কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে আইন মানেনি। এর মধ্যে এইমস মিউচুয়াল ফান্ডের পরিশোধিত মূলধনের ৩৭৯ শতাংশের বেশি এবং বেক্সিমকো লিমিটেডের ৩২৬ শতাংশের বেশি মূল্যমানের শেয়ার ধারণ করেছে তারা। এনসিসিবিএল আট কোম্পানির শেয়ার কিনতে গিয়ে আইন অমান্য করেছে। এর মধ্যে বিএসআরএস মিউচুয়াল ফান্ডের প্রায় ১৮১ শতাংশ মূল্যমানের শেয়ার রয়েছে এই ব্যাংকটির কাছে। বিষয়টি নিয়ে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কায়জার এ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।এনসিসি ব্যাংকের এমডি মোহাম্মদ নুরুল আমিনও তাত্ক্ষণিকভাবে মন্তব্য করতে চাননি। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে শিগগিরই তাঁরা জবাব দেবেন।প্রাইম ব্যাংকের এমডি এম আহসানুল হক তাঁদের মার্চেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মর্তুজা আহমেদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। মর্তুজা আহমেদ বলেন, জানুয়ারি মাসের যে তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক তাদের ব্যাখ্যা চেয়েছে, সেখানে শেয়ারবাজারে তাঁদের সমষ্টিগত বিনিয়োগ ১১ থেকে সাড়ে ১১ শতাংশের মধ্যে রয়েছে। উপরন্তু, তাঁরা শিগগিরই আলাদা সহযোগী (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠান গড়ে তুলবেন। কিছু সময় দিলে বিনিয়োগ সীমার মধ্যে নামিয়ে আনা হবে।তবে ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারা প্রসঙ্গে মর্তুজা বলেন, এতে গচ্ছিত গ্রহণ বা বন্ধক ভিত্তিতে বা মালিকানা স্বত্বের বিষয়ে কিছু ব্যাখ্যার অবকাশ আছে।