মুনীর চৌধুরী সম্মাননা পদক প্রদান
যুদ্ধাপরাধীদের বিচারকাজ ত্বরান্বিত করার আহ্বান জানানোর মধ্য দিয়ে মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদানের অনুষ্ঠান করেছে থিয়েটার।গতকাল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন রামেন্দু মজুমদার। এবার পশ্চিমবঙ্গের বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মনোজ মিত্রকে মুনীর চৌধুরী সম্মাননা এবং নাট্যবিষয়ক পত্রিকা থিয়েটার ওয়ালাকে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের আধুনিক নাট্যচর্চার অন্যতম পথিকৃৎ মুনীর চৌধুরীকে স্বাধীনতার প্রাক্কালে পাকিস্তানি ঘাতকেরা তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদরদের সহায়তায় হত্যা করেছিল। বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে তারা জাতিকে মেধাহীন করে রাখার যে ষড়যন্ত্র করেছিল, তাদের সেই দোসরদের বিচারের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করতে হবে। তাঁরা স্বচ্ছভাবে এবং দ্রুততর প্রক্রিয়ায় এই বিচার সম্পন্ন করার দাবি তোলেন।সম্মাননাপ্রাপ্ত মনোজ মিত্রের জন্ম সাতক্ষীরা জেলায়। তবে ভারত স্বাধীনের পর ১৯৫০ সালে তাঁর পরিবার কলকাতায় চলে যায় এবং সেখানেই তাঁরা স্থায়ী হন। মনোজ মিত্র একাধারে নাট্যকার, নির্দেশক ও অভিনেতা। তাঁর রচিত, নির্দেশিত ও অভিনীত নাটকের সংখ্যা ৯০টি। কলকাতায় তিনি ‘সুন্দরম’ নামের একটি নাটকের দল গড়ে তোলেন। শিক্ষকতা করেছেন বিশ্বভারতীর নাট্য বিভাগের শিশির ভাদুড়ি চেয়ারের অধ্যাপক হিসেবে। বর্তমানে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি হিসেবে কাজ করছেন। সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, জন্মভূমি ছেড়ে চলে গেলেও শৈশবের স্মৃতি তিনি কখনো ভুলতে পারেননি। তাঁর বিভিন্ন নাটক ও অন্য রচনায় শৈশব-স্মৃতিজড়িত এই বাংলা প্রসঙ্গ উঠে এসেছে। এই সম্মাননা পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন বলে জানান।থিয়েটার ওয়ালা পত্রিকার পক্ষে এর সম্পাদক হাসান শাহরিয়ার মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক গ্রহণ করেন। এই পত্রিকাটি ১৯৯৮ সাল থেকে প্রকাশিত হচ্ছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ মিত্রের লেখা দাম্পত্য নাটকটি পাঠ করেন ফেরদৌসী মজুমদার ও মনোজ মিত্র। পরে মনোজ মিত্র তাঁর লেখা ভগীরথের মূর্তি নাটকটিও পড়ে শোনান।