মুন্নুর ডিনার সেটে সোনার কারুকাজ
মুন্নু সিরামিকের প্যাভিলিয়নে সোনার বাসন-কোসন হয়ে দাঁড়িয়েছে অনেকেরই আগ্রহের বস্তু। অবশ্য এগুলোর পুরোটা সোনায় তৈরি নয়। বাসনগুলো সিরামিকেরই, কিন্তু এতে যে কারুকাজ, তার পুরোটা একেবারে খাঁটি সোনা দিয়ে করা। হ্যাঁ, খাঁটি সোনা! ২২ ক্যারেট সোনা দিয়ে কারুকাজ করা এই ডিনার সেটের দাম শুনলে পিলে একটু চমকালেও চমকাতে পারে। ১০৪ পিসের এ ডিনার সেটের দাম পড়বে দেড় লাখ টাকা! সোনার কারুকাজ করা ৫২ পিসের আরেকটি ডিনার সেটের দাম এক লাখ ১০ হাজার টাকা। এই ডিনার সেটগুলো বাণিজ্য মেলার হাত ধরে এবারই প্রথম বাজারের মুখ দেখল। এর আগে এ ধরনের ডিনার সেটের ক্রেতা ছিল কেবল ইউরোপীয় ধনী ব্যক্তিরা। ইউরোপীয় ক্রেতাদের শর্ত অনুযায়ী, এই ডিনার সেট কেবল ইউরোপের জন্য উত্পাদন এবং বাজারজাত করা হতো, বাংলাদেশের জন্য নয়। শেষ পর্যন্ত তাদের সঙ্গে এক রকম লড়াই করেই মুন্নু সিরামিকস এ দেশের বাজারে এবারই প্রথমবারের মতো ছেড়েছে তাদের এই অভিজাত ডিনার সেটগুলো। তাই কেনেন আর না কেনেন, বাণিজ্য মেলায় গেলে একবার অন্তত ঢুঁ মেরে আসুন মুন্নু সিরামিকসের প্যাভিলিয়নে।