মুন্সিগঞ্জ ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
মুন্সিগঞ্জ ও কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার রাতে চার ব্যক্তি নিহত হয়েছে। জানা গেছে, গতকাল রাতে মাওয়া থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছি বাজারে ঢুকে পড়ে। এতে বাজারে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। পরে আহত অবস্থায় আরও একজন মারা যায়। এ ছাড়া এই ঘটনায় ওই বাজারের বেশ কটি দোকান ভেঙে গেছে।নিহত ব্যক্তিরা হলেন—লৌহজংয়ের উত্তর মেদিনী মণ্ডলের হূদয় (৫০), কাজির পাগলা গ্রামের রিকশাচালক জসিম (৩০) এবং একই গ্রামের ফজলুল রহমান (৫৫)। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।এদিকে কুষ্টিয়ায় গতকাল শুক্রবার রাত ১২টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ত্রিমোহনীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শহীদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় উডল্যান্ড কোম্পানির নিরাপত্তাকর্মী। শহীদুল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের বাসিন্দা।কাজ শেষে সাইকেল করে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া থেকে পাবনাগামী একটি ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশ রাতেই শহীদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।