মুন্সিগঞ্জ হবিগঞ্জ মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
মুন্সিগঞ্জ, হবিগঞ্জ ও মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ শুক্রবার কলেজ ছাত্রসহ সাতজন নিহত হয়েছে।মুন্সিগঞ্জে নিহতেরা হলেন—সুর্বজা চাকমা (৪২), নিলুফা আক্তার ফাতেমা (৫০), সেনাসদস্য শহিদুল ইসলাম (৩০) ও আবদুল করিম (৬৫)। হবিগঞ্জের নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম চান মিয়া (৭০)। মেহেরপুরে নিহত কলেজ ছাত্রের নাম সহিদুজ্জামান হোসেন। সে গাংনী উপজেলার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। মুন্সিগঞ্জ: গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি ব্রিজের ঢালে বাউশিয়া-পাখির মোড়ে আজ শুক্রবার বেলা ১১টার দিকে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নারীসহ চারজন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যেও আটজনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকা ও মুন্সিগঞ্জের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গজারিয়া থানার ওসি আরজু মিয়া জানান, ঢাকামুখী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাঙ্গে কুমিল্লাগামী আরেকটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।হবিগঞ্জ: পুলিশ সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার ওলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। আজ সকাল সাড়ে ছয়টার দিকে অন্য একটি ট্রাক সেই ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকচালকের অজ্ঞাত সহযোগী মারা যান। প্রায় একই সময়ে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ভাদৈয়ে একটি ছোট ট্রাক পথচারী চান মিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।জেলার শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন। মেহেরপুর: সকাল আটটার দিকে সহিদুজ্জামান মোটরসাইকেলে গাংনী থেকে মেহেরপুরে যাচ্ছিল। পথে বাঁশবাড়িয়া পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতি অফিসের সামনে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সহিদুজ্জামান। ঢাকায় নিয়ে আসার পথে সে মারা যায়।এলাকাবাসীর অভিযোগ, ঘাতক ট্রাকসহ চালককে আটক করে গাংনী থানায় দেওয়া হলেও পুলিশ অর্থের বিনিময়ে চালককে ছেড়ে দেয়।এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ট্রাকটি কাঁচামাল-ভর্তি হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ও মালিকের নামে মামলা হবে।(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, মেহেরপুর ও গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি)