মুন্সিগঞ্জে চলছে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
বিএনপির ডাকে আজ রোববার মুন্সিগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। হরতালের পক্ষে মিছিল করার সময় দুপুরের দিকে গজারিয়ার রসুলপুরের সোনালি মার্কেট এলাকায় বিএনপির মিছিলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া মুন্সিগঞ্জে শান্তিপূর্ণভাবেই হরতাল পালিত হচ্ছে।১৯ মে ঢাকার মহাসমাবেশে অংশ নিতে যাওয়ার পথে যুবলীগ-শ্রমিক লীগের নেতা-কর্মীদের হামলায় বিএনপির নেতা আকবর হোসেন নিহত হয়েছেন—এমন অভিযোগ তুলে বিএনপি এ হরতাল ডাকে।জেলা বিএনপির সভাপতি আবদুল হাই এবং সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক হরতাল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদী থেকে গত বৃহস্পতিবার আকবর হোসেন (২৮) নামের একজনের লাশ উদ্ধার করে পুলিশ। বিএনপি দাবি করেছে, আকবর মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বুধবার পল্টনে বিএনপির সমাবেশে যোগ দিতে আসা দলীয় কর্মীদের একটি লঞ্চে সদরঘাটে যুবলীগ-শ্রমিক লীগের কর্মীদের হামলার পর থেকে আকবর নিখোঁজ ছিলেন।