মুন্সিগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে তাঁদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। আহত লোকজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত যাত্রী ও পুলিশ জানায়, ফরিদগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লার হোমনাগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। গজারিয়া থানার উপপরিদর্শক হানিফ সরকার প্রথম আলো ডটকমকে জানান, ঢাকা থেকে হোমনাগামী বাসের সামনের চাকা ফেটে গিয়ে আরেকটি বাসকে সামনের দিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসগুলো সরিয়ে নিতে দেরি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।